দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। শহরজুড়ে মণ্ডপ তৈরির পাশাপাশি শেষ মুহূর্তের কেনাকাটাতেও ব্যস্ত সাধারণ মানুষ। সপ্তাহান্তে বাজার ও শপিংমলে বাড়তি ভিড়ের কথা মাথায় রেখে পুজোর আগে বিশেষ মেট্রো পরিষেবার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে নির্দিষ্ট দিনগুলিতে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ৩ অক্টোবর শনিবার থেকে ১১ অক্টোবর রবিবার পর্যন্ত এই বিশেষ পরিষেবা চালু থাকবে। অর্থাৎ, ৩, ৪, ১০ এবং ১১ অক্টোবর পরিবর্তিত সূচিতে মেট্রো চলবে। তবে মেট্রোর প্রথম ও শেষ পরিষেবার সময়ে কোনও পরিবর্তন করা হচ্ছে না। ৩ ও ১০ অক্টোবর শনিবার ব্লু লাইনে (শহিদ ক্ষুদিরাম–দক্ষিণেশ্বর) আপ ও ডাউন মিলিয়ে ২০টি অতিরিক্ত পরিষেবা চলবে। সাধারণ শনিবারের ২৫২টির পরিবর্তে ওই দু’দিন মোট ২৭২টি মেট্রো পাওয়া যাবে। গ্রিন লাইনেও বাড়ছে পরিষেবা। সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান রুটে ওই দুই শনিবার আপ-ডাউন মিলিয়ে ২৪টি অতিরিক্ত মেট্রো চালানো হবে। ফলে মোট পরিষেবার সংখ্যা বেড়ে হবে ২৩৬টি। ইয়েলো লাইনে (নোয়াপাড়া–জয় হিন্দ বিমানবন্দর) আপ-ডাউন মিলিয়ে ২৮টি অতিরিক্ত পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সাধারণ শনিবারের ৯২টির পরিবর্তে মেট্রো চলবে আরও বেশি। অন্যদিকে, ৪ ও ১১ অক্টোবর রবিবারও তিনটি লাইনে বিশেষ সূচিতে মেট্রো চলবে। ব্লু লাইনে ১৫২টির পরিবর্তে মোট ১৮৮টি পরিষেবা পাওয়া যাবে, অর্থাৎ বাড়ছে ৩৬টি। গ্রিন লাইনে ১১১টির বদলে চলবে ১২৫টি মেট্রো—আপ লাইনে ৬২টি এবং ডাউন লাইনে ৬৩টি। ইয়েলো লাইনেও রবিবার বাড়ছে পরিষেবা। আপ-ডাউন মিলিয়ে মোট ৭৮টি মেট্রো চালানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, জয় হিন্দ বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত তিনটি সরাসরি মেট্রো পরিষেবা পাওয়া যাবে বলেও মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে।পুজোর কেনাকাটা ও অন্যান্য প্রয়োজনে সপ্তাহান্তে যাত্রীদের বাড়তি চাপ সামলাতেই এই বিশেষ পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal