Breaking News

জমির দলিল, ফিক্সড ডিপোজিট জমা! কী কী শর্তে হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন মিলন প্রধানের?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে তিন সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার সকালে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর জামিন মঞ্জুর করেন। ফলে জেলের বাইরে থেকেই নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন মিলন। মিলনের বিরুদ্ধে দায়ের হওয়া ছ’টি মামলাতেই আপাতত জামিন মঞ্জুর হয়েছে। আইনজীবী সূত্রে জানা গিয়েছে, তাঁর জেলমুক্তির প্রক্রিয়া শুরু করেছেন আইনজীবীরা। ২০ হাজার টাকার বেল বন্ড দেওয়া হচ্ছে। স্থানীয় একজন জামিনদার সেই বন্ড দিচ্ছেন। পাশাপাশি মিলন প্রধান অথবা তাঁর কোনও আত্মীয়ের জমির দলিল কিংবা ফিক্সড ডিপোজিট জমা দেওয়ার প্রয়োজন হতে পারে।
জামিন দেওয়ার সময় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তাঁর বক্তব্য, “পুলিশ (রাজ্য) এখানে মূল বিষয়টি তুলে ধরার চেষ্টা করছে। অভিযুক্তকে সাধারণ মানুষ হিসাবে দেখা হোক।” তবে জামিনের পাশাপাশি একাধিক শর্তও দিয়েছে আদালত। বিচারপতি জানিয়েছেন, নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পর মিলন প্রধানকে হলদিয়া আদালতে আত্মসমর্পণ করতে হবে। এছাড়াও প্রতিদিন সকাল সাড়ে ৮টা এবং সন্ধ্যা সাড়ে ৯টায় সংশ্লিষ্ট থানায় ফোন করে তদন্তকারী আধিকারিকের সঙ্গে কথা বলতে হবে তাঁকে। উল্লেখ্য, ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলন সংক্রান্ত পুরনো মামলায় মিলন প্রধানকে গ্রেফতার করা হয়েছিল। এরপর তাঁর বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া পুরনো মামলাগুলিকে কেন্দ্র করেই গ্রেফতার করা হয়েছিল তাঁকে।
এর আগে সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল, নির্দিষ্ট কয়েকটি মামলা ছাড়া নতুন করে মিলন প্রধানকে গ্রেফতার করা যাবে না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সেই মামলাতেই মঙ্গলবার মিলনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল হাইকোর্ট।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *