নিজস্ব সংবাদদাতা:- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বরে অতি-বামপন্থীদের বাড়বাড়ন্ত এবং ‘দেশবিরোধী’ স্লোগান ঘিরে চলা চরম উত্তেজনার আবহেই এবার বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন রাজ্যের শ্রম ও পরিবহনমন্ত্রী অর্জুন সিং। অতি-বামপন্থী রাজনৈতিক শক্তি ও তাদের কর্মকাণ্ড রুখতে সরাসরি ‘কার্বলিক অ্যাসিড’-এর দাওয়াই দিলেন তিনি। কাঁকিনাড়ার পানপুর মোড়ে আয়োজিত দলের একটি কর্মিসভায় যোগ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সুরেই অতি-বামদের ‘সাফ’ করার বার্তা দেন বিজেপির এই দাপুটে নেতা।সোমবার রাতে অর্জুন সিং হুঁশিয়ারি দিয়েছিলেন যে, মাত্র দুই ঘণ্টার জন্য ছাড় দেওয়া হলে পুরো রাজ্য থেকে অতি-বামপন্থীদের ব্ল্যাকআউট করে ধুয়েমুছে সাফ করে দেওয়া হবে। তাঁর সেই মন্তব্য নিয়ে জলঘোলা চলাকালীন মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরও এক ধাপ এগিয়ে চরম বিতর্কিত মন্তব্য করেন তিনি। অর্জুন সিং বামপন্থীদের কঠোর ভাষায় আক্রমণ করে বলেন যে, বামপন্থীরা কোনও দিনই দেশের ভাল চায় না। তারা নিজের মা-বাবাকে সম্মান না দিয়ে কার্ল মার্কস কিংবা লেনিনকে পুজো করে, তাই তাদের কোনও কথার মূল্য নেই। এর পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক কৌশলের ওপর প্রশ্ন তুলে কার্বলিক অ্যাসিডের রূপক টেনে আনেন তিনি। বলেন, “যারা দেশের মাটিতে দাঁড়িয়ে দেশবিরোধী স্লোগান দেয়, তারা মিষ্টি কথা শুনবে না। এদের সাইজ করতে কার্বলিক অ্যাসিডই লাগবে। ঠিক যেভাবে অ্যাসিড ছড়ালে বিষাক্ত সাপ ভয়ে পালিয়ে যায়, ঠিক সেইভাবেই কার্বলিক অ্যাসিডের চোখে এরাও রাজ্য ছেড়ে পালাবে।”এর পাশাপাশি ফের একবার সুযোগ পেলে দু’ঘণ্টার মধ্যে অতি-বামদের অস্তিত্ব মুছে ফেলার কথা উল্লেখ করেন মন্ত্রী। অর্জুন সিংয়ের এই বিতর্কিত ‘কার্বলিক অ্যাসিড’ ও ‘ওয়াশআউট’ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাম ও অতি-বাম ছাত্র সংগঠনগুলি। তারা এই ধরনের মন্তব্যকে উসকানিমূলক ও হিংসাত্মক আখ্যা দিয়ে মন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছে। সব মিলিয়ে, যাদবপুরের উত্তাপ এখন রাজ্য রাজনীতির অলিন্দে আরও বেশি ছড়িয়ে পড়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal