দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মেসি-ম্যাচ ঘিরে গত বছরের বিশৃঙ্খলার স্মৃতি এখনও টাটকা। তার মধ্যেই ফের বড় আন্তর্জাতিক ফুটবল ম্যাচের উত্তেজনায় সরগরম হতে চলেছে যুবভারতী ক্রীড়াঙ্গন। শনিবার সন্ধ্যায় ভারত-ব্রাজিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দেখতে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে তুঙ্গে উন্মাদনা। সেই উন্মাদনার মাঝে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য নিরাপত্তায় বিশেষ জোর দিচ্ছে বিধাননগর পুলিশ।
সদ্য বিশ্বকাপ খেলা পানামাকে আটকে আত্মবিশ্বাস বাড়িয়েছে খালিদ জামিলের ভারতীয় দল। এ বার প্রতিপক্ষ ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়র, এনড্রিক, এস্তেভাও, ব্রুনো গুইমারেজ, মার্কুইনোসদের মতো তারকাদের উপস্থিতিতে ম্যাচ ঘিরে উন্মাদনা আরও বেড়েছে। সেই আবহেই নতুন সাজে প্রস্তুত যুবভারতী। স্টেডিয়ামের দেওয়ালে পড়েছে নতুন রঙের প্রলেপ। দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে গ্যালারির পরিকাঠামোতেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। প্রথম বার প্রতিটি আসনে নির্দিষ্ট নম্বর থাকছে। নতুন করে সাজানো হয়েছে র্যাম্প ও শৌচাগার। গ্যালারির লবিতে থাকছে খাবারের স্টল। স্টেডিয়ামজুড়ে গেরুয়া ও হলুদ রঙের ছোঁয়া। একই সঙ্গে পরিচর্যা করা হচ্ছে মাঠের ঘাসেরও।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিধাননগরের পুলিশ কমিশনার রাঠোর অমিত কুমার ভারত জানান, দর্শকদের সুবিধার পাশাপাশি ম্যাচের দিন যান চলাচল স্বাভাবিক রাখার দিকেও নজর দেওয়া হচ্ছে। যুবভারতী সংলগ্ন এলাকায় বসানো হচ্ছে প্রয়োজনীয় ট্রাফিক সাইনেজ। গাড়ি রাখার জন্য থাকছে পার্কিংয়ের ব্যবস্থাও। ম্যাচের সময় বিপুল সংখ্যক পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবেন।
নিরাপত্তার কারণে স্টেডিয়ামে বেশ কিছু সামগ্রী নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা থাকছে। মাদকজাতীয় দ্রব্যের পাশাপাশি লেজার লাইট, ব্যানার, হোর্ডিং, পোস্টার, ছাতা এবং জলের বোতল নিয়েও গ্যালারিতে ঢোকা যাবে না। দর্শকদের প্রবেশের সময় এসব বিষয়ে কড়া নজরদারি চালানো হবে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ কমিশনার জানিয়েছেন, নির্বিঘ্নে ম্যাচ আয়োজন করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার নির্ধারিত নিয়ম ও নিষেধাজ্ঞা মেনেই নিরাপত্তার পরিকল্পনা করা হয়েছে। গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ বার আরও সতর্ক বিধাননগর পুলিশ। ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস বজায় রেখেই যাতে যুবভারতীতে ভারত-ব্রাজিল ম্যাচ নির্বিঘ্নে শেষ করা যায়, সেই লক্ষ্যেই তৈরি হচ্ছে নিরাপত্তার একাধিক স্তর।
Hindustan TV Bangla Bengali News Portal