প্রসেনজিৎ ধর,কলকাতা :- বহুতলের পাইপলাইন সারানোর কাজ করতে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। শুক্রবার বিকেলে বাগুইআটির অশ্বিনীনগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম তপন সরকার (৪৮)। তাঁর বাড়ি বাগুইআটির সাত নম্বর এলাকায়। ওই আবাসনে কাজ করার সময় শ্রমিকদের জন্য যথাযথ সুরক্ষা ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অশ্বিনীনগরের একটি বহুতলের বাইরের পাইপলাইন সারানোর কাজ চলছিল। সেই কাজেই যুক্ত ছিলেন তপন। বহুতলের ছাদ থেকে দড়ি বেঁধে তিনতলার অংশে ঝুলে পাইপলাইন মেরামতির কাজ করছিলেন তিনি। কোমরের সঙ্গেও বাঁধা ছিল দড়ি। কাজ চলাকালীন আচমকাই দেওয়াল থেকে তাঁর পা পিছলে যায়। কোনওভাবে কোমরে বাঁধা দড়ি খুলে গিয়ে উপর থেকে সোজা নীচে পড়ে যান তিনি। বিকট শব্দ শুনে বহুতলের বাসিন্দা এবং আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় তপনকে পড়ে থাকতে দেখে বাগুইআটি থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তপনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ইতিমধ্যেই পরিবারের সদস্যদের তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে ফের প্রশ্ন উঠেছে নির্মাণ ও মেরামতির কাজে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়াই কেন তপনকে এমন ঝুঁকিপূর্ণ কাজে নামানো হয়েছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন। বহুতলে কাজ করার সময় প্রয়োজনীয় সেফটি গিয়ার এবং নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখছে বাগুইআটি থানার পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal