Breaking News

‘পাপিয়া খুব ভালো কাজ করছেন’, গাছ ছাঁটাই থেকে রাস্তার আলো সারানো—নতুন সরকারের প্রশংসায় কবীর সুমন!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর রাজ্যের নতুন বিজেপি সরকারের কাজের প্রশংসা করলেন সঙ্গীতশিল্পী কবীর সুমন। তাঁর বক্তব্য, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পাড়ার বিভিন্ন সমস্যা এবং নাগরিক পরিষেবার দিকে নজর দেওয়া হচ্ছে। রাস্তাঘাটে আগের মতো ময়লা জমে থাকছে না বলেও মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারীর উদ্যোগের প্রশংসাও শোনা গিয়েছে তাঁর মুখে।
সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়োবার্তায় নিজের এলাকার একটি সমস্যার কথা তুলে ধরেন সুমন। তিনি জানান, বাড়ির পাশে থাকা একটি দীর্ঘ গাছ ঝড়-বৃষ্টির সময়ে বিপজ্জনক হয়ে উঠতে পারে। গাছটির পাশে বিদ্যুতের তার থাকায় দ্রুত সেটি ছাঁটাই করা প্রয়োজন ছিল। স্থানীয় কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করতে না পেরে শেষ পর্যন্ত টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারীর সঙ্গে যোগাযোগ করেন তিনি।সুমনের দাবি, আগে থেকে পাপিয়ার সঙ্গে তাঁর কোনও পরিচয় ছিল না। এক পরিচিতের মাধ্যমে বিধায়কের ফোন নম্বর সংগ্রহ করে হোয়াট্‌সঅ্যাপে সমস্যার কথা জানান। এরপর দ্রুত ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।
ভিডিয়োতে সুমন বলেন, নতুন বিধায়কের সঙ্গে ব্যক্তিগত পরিচয় না থাকা সত্ত্বেও সমস্যার কথা জানাতেই পাপিয়া দ্রুত উদ্যোগ নেন। উঁচু গাড়ি পাঠিয়ে গাছের ডালপালা ছাঁটাইয়ের ব্যবস্থা করা হয়। কাটা ডাল ও পাতা সরিয়েও নিয়ে যাওয়া হয়। পাশাপাশি এলাকার একটি রাস্তার আলো খারাপ থাকার বিষয়টিও নজরে আসে এবং সেটি দ্রুত মেরামত করা হয় বলে দাবি সুমনের।
এর পরেই রাজ্যের নতুন সরকারের কাজ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান সুমন। তাঁর কথায়, সরকার পরিবর্তনের পর পাড়ার দিকে নজর দেওয়া হচ্ছে। রাস্তাঘাট পরিষ্কার রাখা হচ্ছে এবং জল ও বিদ্যুতের পরিষেবাও পাওয়া যাচ্ছে বলে জানান তিনি। নাগরিক পরিষেবা নিয়ে নিজের সন্তোষের কথাও প্রকাশ করেন সঙ্গীতশিল্পী।
সুমনের এই ভিডিয়ো নিজের সমাজমাধ্যমের পেজে শেয়ার করেছেন বিধায়ক পাপিয়া অধিকারী। সেখানে তিনি লেখেন, ‘‘এই জন্যই সরকার পাল্টেছে। বিজেপি এসেছে। আমরা আপনাদের পাশে, আমরা আপনাদের সেবায়, আপনাদের সঙ্গে।’’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *