দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করানো হল পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে। শুক্রবার রাতে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিধানসভায় গান্ধীজয়ন্তী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রথীন্দ্র। এছাড়াও দিনের বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন তিনি। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পর আচমকাই বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরিস্থিতি বুঝে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যেরা।হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তাঁর চিকিৎসা শুরু হয়। চিকিৎসকেরা একাধিক শারীরিক পরীক্ষা করেন। হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসার পর ধীরে ধীরে তাঁর অবস্থার উন্নতি হয়েছে। আপাতত চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে বিধানসভার স্পিকারকে।চলতি বছরের ১৫ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার নির্বাচিত হন রথীন্দ্র। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক হিসেবে প্রথম বার বিধানসভায় নির্বাচিত হয়েছেন তিনি। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রথীন্দ্র দীর্ঘ দিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে ২৩ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন তিনি।
Hindustan TV Bangla Bengali News Portal