নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- বাংলাদেশে জেলবন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে শনিবার উত্তপ্ত হয়ে উঠল কলকাতা। বেকবাগানে বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ মিছিল করে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। মিছিলে যোগ দেন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)-এর সদস্যরাও। পুলিশ মিছিল আটকে দিলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় বলে অভিযোগ। ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। পরে উপ হাইকমিশনের সামনের রাস্তাতেই অবস্থানে বসে পড়েন তাঁরা।
শিয়ালদহ থেকে বেকবাগান পর্যন্ত মিছিলের কর্মসূচি নিয়েছিলেন বিক্ষোভকারীরা। তাঁদের মূল দাবি, দীর্ঘদিন ধরে বাংলাদেশে বন্দি রয়েছেন চিন্ময় প্রভু। তাঁর অবিলম্বে মুক্তির দাবিতে বাংলাদেশ উপ হাইকমিশনে স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। তবে বেকবাগানের কাছে পুলিশ মিছিল আটকে দেয় বলে অভিযোগ ওঠে।
২০২৪ সালের নভেম্বর থেকে জেলবন্দি রয়েছেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র তথা হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভু। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রয়েছে। একাধিকবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে বাংলাদেশের আদালতে। সম্প্রতি মায়ের অসুস্থতার কারণে প্যারোলের আবেদনও করা হয়েছিল। সেই আবেদন খারিজ হওয়ার পর তাঁর মায়ের মৃত্যু হয়। পরে শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য সীমিত সময়ের জন্য তাঁকে জেল থেকে ছাড়া হয়েছিল।চিন্ময় প্রভুর দীর্ঘ কারাবাস এবং তাঁর জামিন বারবার খারিজ হওয়া নিয়ে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার প্রসঙ্গও সামনে এসেছে। তাঁর মুক্তির দাবিতে এদিন কলকাতায় পথে নামে বিভিন্ন সংগঠন। এনসিপিআইয়ের রাজ্যস্তরের নেতা সুব্রত রায়ের অভিযোগ, দীর্ঘদিন ধরে চিন্ময় প্রভু জেলে রয়েছেন। তাঁর বক্তব্য, মায়ের মৃত্যুর সময়ও তাঁকে কী পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল, তা নিয়ে তাঁরা উদ্বিগ্ন। চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বাংলাদেশ উপ হাইকমিশনে স্মারকলিপি জমা দিতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু পুলিশ তাঁদের আটকে দেয় বলে অভিযোগ করেন তিনি।পুলিশি বাধার পর বিক্ষোভকারীরা রাস্তাতেই অবস্থান শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
Hindustan TV Bangla Bengali News Portal