দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের বিমান পরিষেবাকে আরও বিস্তৃত করতে বড় উদ্যোগ। কেন্দ্রের ‘উড়ান ২.০’ প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গে নতুন করে চারটি বিমানবন্দর চালুর প্রক্রিয়া শুরু হল। এই চার বিমানবন্দরকে ঘিরে সোমবার নবান্নে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমঝোতাপত্র (মউ) স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিনজারাপু রামমোহন নাইডু।
নবান্নের অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী জানান, আগামী দুই বছরের মধ্যে পশ্চিমবঙ্গে মোট আটটি বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে। বিমানবন্দরের জমি সংক্রান্ত সমস্যা থেকে শুরু করে পরিকাঠামোগত উন্নয়ন—সব ক্ষেত্রেই রাজ্যকে সহযোগিতা করবে কেন্দ্র। রানওয়ে সংস্কার, টার্মিনাল বিল্ডিংয়ের উন্নয়ন এবং বিমানবন্দরের প্রযুক্তিগত পরিকাঠামো তৈরিতেও কেন্দ্র-রাজ্য সমন্বয়ে কাজ হবে বলে জানান তিনি। অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর তৈরির জন্য আগের সরকার প্রয়োজনীয় জমি দেয়নি। বর্তমানে রাজ্যের বিমান যোগাযোগ আরও শক্তিশালী করতে কেন্দ্রের সঙ্গে একযোগে কাজ করার কথা জানান তিনি।পাশাপাশি কেন্দ্রের কাছে একাধিক দাবি জানান মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে অযোধ্যা, তিরুপতি-সহ দেশের গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলিতে আরও সরাসরি বিমান পরিষেবা চালুর আবেদন করেন তিনি। শুধু দেশের বিভিন্ন প্রান্ত নয়, কলকাতা থেকে ইউরোপ এবং ইংল্যান্ডে সরাসরি বিমান পরিষেবা চালুরও দাবি জানান মুখ্যমন্ত্রী। বাংলায় একটি ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তোলার বিষয়েও কেন্দ্রের সহযোগিতা চান তিনি।উড়ান পরিষেবার পরিধি বাড়াতে ইতিমধ্যেই রাজ্যের চারটি বিমানবন্দরকে নতুন করে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পুরুলিয়ার ছররা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, আলিপুরদুয়ারের হাসিমারা সিভিল এনক্লেভ এবং পশ্চিম মেদিনীপুরের কালাইকুন্ডাকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। গোটা রাজ্যকে আকাশপথে আরও ভালোভাবে যুক্ত করতেই এই উদ্যোগ বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
বালুরঘাট বিমানবন্দরের পরিকাঠামো সরেজমিনে পরিদর্শন করে দ্রুত পরিষেবা চালুর বিষয়ে প্রশাসনিক বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও প্রস্তাবিত বিমানবন্দরগুলির পরিস্থিতি খতিয়ে দেখেছেন। এবার কেন্দ্র ও রাজ্যের মধ্যে মউ স্বাক্ষরের ফলে চার বিমানবন্দর চালুর প্রক্রিয়া আরও গতি পাবে বলেই মনে করা হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal