Breaking News

‘ঘাঁটাঘাঁটি কম করুন, এক্স-রে প্লেট দেখালে…’, পা ভাঙা ইস্যুতে মমতাকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার ঘটনা নিয়ে ফের রাজনৈতিক তরজা তুঙ্গে। ওই ঘটনায় আদৌ পা ভেঙেছিল কি না, তা নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি ছিল, ভোটের আগে পা ভাঙার বিষয়টি নিয়ে মিথ্যা প্রচার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি তদন্ত করা হবে বলেও জানানো হয়েছে।
এই ইস্যুতেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পালটা হুঁশিয়ারি দিলেন শুভেন্দু। সাংবাদিক বৈঠকে প্রশ্নের জবাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, “ঘাঁটাঘাঁটি কম করুন।” এরপরই আরও বিস্ফোরক দাবি করে শুভেন্দুর মন্তব্য, “যদি এক্স রে প্লেট, এমআরআই রিপোর্ট যদি দেখাতে শুরু করি, বাড়ি থেকে বেরতে পারবেন না।” দিন কয়েক আগে ২০২১ সালের ঘটনার সঙ্গে সম্পর্কিত বেশ কিছু মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে এনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছিলেন শুভেন্দু। এরপরই ওই রিপোর্ট প্রকাশের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অর্ক নাগ এসএসকেএমের ডিরেক্টর, সুপার ও সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধানকে আইনি চিঠি পাঠান। কার অনুমতিতে এবং কোন নিয়মের ভিত্তিতে পাঁচ বছর আগের মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে আনা হল, তা জানতে চাওয়া হয়।
সেই আইনি নোটিসের প্রসঙ্গেই এবার পালটা বক্তব্য রাখলেন শুভেন্দু। তিনি বলেন, “স্বাস্থ্য দপ্তর হয়ে আমার কাছে পাঠিয়ে দিতে বলব, ওনার আইনজীবীর চিঠি। মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় জানেন না, উনি কেস করেছিলেন। কেসটা সিআইডি নিয়েছিল। স্বাভাবিকভাবে এসএসকেএমে কোনও নথি পাওয়ার কথা নয়।”শুভেন্দুর দাবি, ওই ঘটনায় বিজেপির নামে এফআইআর হয়েছিল এবং পরবর্তীতে সিআইডি তদন্ত করে। তাঁর কথায়, “বিজেপির নামে এফআইআর হয়েছিল। সিআইডি তদন্ত হয়।” সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির নেতা-কর্মীদের বিরুদ্ধে এফআইআর করেছিলেন বলেও দাবি করেন তিনি।রিপোর্টগুলি তিনি কোথা থেকে পেয়েছেন, প্রয়োজনে সেই তথ্যও প্রকাশ্যে আনার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। তাঁর দাবি, ওই নথি এসএসকেএম বা পিজি-তে থাকার কথা নয়। শুভেন্দুর কথায়, “প্রয়োজন হলে কোথা থেকে কাগজটা পেয়েছি আমি বলে দেব। কাগজটা পিজিতে ছিল না। পিজিতে থাকার কথা নয়।”এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু। তাঁর দাবি, মমতা ভেবেছিলেন চতুর্থবার মুখ্যমন্ত্রী হয়ে ফিরবেন। সেই কারণে বহু নথি তিনি রেখে গিয়েছিলেন বলেও দাবি করেন বর্তমান মুখ্যমন্ত্রী। শুভেন্দুর কথায়, “উনি ভেবেছিলেন চতুর্থবার মুখ্যমন্ত্রী হয়ে আসবেন। উনি অনেক কাগজই ড্রয়ারে রেখে দিয়ে গিয়েছিলেন। অনেক কাগজ বার করে নিয়ে যেতে পারেননি।”নন্দীগ্রামে পা ভাঙার ঘটনা, মেডিক্যাল রিপোর্ট প্রকাশ এবং সেই রিপোর্ট ঘিরে আইনি প্রশ্ন—এই তিন ইস্যুকে কেন্দ্র করে ফের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলে এখন নজর, এই বিতর্ক আগামী দিনে কোন দিকে গড়ায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *