দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে নতুন সরকারের প্রথম দুর্গাপুজো। উৎসবের মরশুমের আগে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে কর্মসংস্থান, পুলিশ, শিক্ষা এবং অস্থায়ী কর্মীদের পারিশ্রমিক-সহ একাধিক বিষয়ে সিদ্ধান্তের কথা জানান তিনি। পুজোর মুখে সরকারের এই ঘোষণায় বিভিন্ন মহলে স্বস্তি তৈরি হয়েছে।এদিন ‘কর্মবন্ধু’ অর্থাৎ ভূমি রাজস্ব দপ্তরের সাফাইকর্মীদের ভাতা বৃদ্ধির কথা জানান মুখ্যমন্ত্রী। এতদিন মাসে ৫ হাজার টাকা করে ভাতা পেলেও এবার থেকে তাঁরা ৮ হাজার টাকা করে পাবেন। চলতি মাস থেকেই বর্ধিত ভাতা কার্যকর হবে বলে জানান তিনি। পুলিশ প্রশাসন নিয়েও একাধিক ঘোষণা করা হয়েছে। আগামী ১০ অক্টোবর, মহালয়ার দিন জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি পদক্ষেপের জন্য ১১২ নম্বর পরিষেবা চালু হবে। একই দিনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের একটি অনুষ্ঠান থেকে রাজ্যের বিভিন্ন থানার হাতে ৪০০টি গাড়ি এবং ৪৫০টি বাইক তুলে দেওয়া হবে। এরপর ১১ অক্টোবর রাজ্য পুলিশের প্রথম ব্যাচের প্রায় ১২ হাজার কর্মীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। চাকরিপ্রার্থীদের জন্যও বড় ঘোষণা এসেছে মন্ত্রিসভার বৈঠক থেকে। বিভিন্ন সরকারি দপ্তরে মোট ১৪,৪৫৪টি নতুন পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে পরীক্ষা-সহ নিয়োগ প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পিএসসি এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ হবে। বনদপ্তর, দমকল, কারা বিভাগ, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর-সহ একাধিক সরকারি ক্ষেত্রে নিয়োগ করা হবে বলে জানান শুভেন্দু।শিক্ষাক্ষেত্রেও রয়েছে একাধিক ঘোষণা। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত হস্টেল পড়ুয়াদের খাবারের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। এতদিন মাসে ১,৮০০ টাকা বরাদ্দ থাকলেও এবার তা বাড়িয়ে ৩,৩০০ টাকা করা হয়েছে।পাশাপাশি অবিবাহিত মহিলাদের উচ্চশিক্ষার জন্য রাজ্যে ‘ভগিনী নিবেদিতা স্কিম’ চালুর কথাও ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য অবিবাহিত মহিলাদের তিন বছর ধরে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
পুজোর আগে একসঙ্গে এতগুলি ক্ষেত্রে সরকারি সিদ্ধান্তের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনেও রাজ্যের কর্মসংস্থান ও উন্নয়নের ক্ষেত্রে একাধিক পদক্ষেপ করা হবে। আগামী কয়েক মাসে আরও বেশ কিছু ক্ষেত্রে কাজ করার আশ্বাসও দিয়েছেন তিনি।
Hindustan TV Bangla Bengali News Portal