দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সরকারের শীর্ষ পদে টানা ২৫ বছর পূর্ণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দীর্ঘ প্রশাসনিক পথচলাকে সামনে রেখে দেশজুড়ে ‘সেবা সঙ্কল্প অভিযান’-এর আয়োজন করেছে বিজেপি। গত ১৭ সেপ্টেম্বর মোদীর জন্মদিন থেকে শুরু হওয়া এই কর্মসূচি শেষ হবে আগামী ৭ অক্টোবর। ওই দিন দেশজুড়ে ‘সেবা জ্যোতি যাত্রা’ করার পরিকল্পনা নিয়েছে দল। সোমবার সাংবাদিক বৈঠকে সেই কর্মসূচির বিস্তারিত রূপরেখা জানান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
শমীক জানান, ৭ অক্টোবর দেশের প্রতিটি জেলায় ‘সেবা জ্যোতি যাত্রা’ বের করা হবে। কর্মসূচির শুরুতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখবেন। তাঁদের বক্তব্য দেশের বিভিন্ন প্রান্তে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সরাসরি শোনানোর ব্যবস্থা করা হবে।পশ্চিমবঙ্গেও একই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন শমীক। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে ২৩টি প্রশাসনিক জেলা রয়েছে। প্রতিটি জেলা সদরে জায়ান্ট স্ক্রিন বসিয়ে মোদী ও নিতিনের বক্তব্য শোনানো হবে। কোথাও খোলা জায়গায়, আবার কোথাও ইন্ডোর স্টেডিয়ামে এই ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। দুই নেতার বক্তব্য শেষ হওয়ার পরই শুরু হবে ‘সেবা জ্যোতি যাত্রা’। হাতে মশাল নিয়ে বিজেপি কর্মী-সমর্থকেরা এই পদযাত্রায় অংশ নেবেন। পাশাপাশি সাধারণ মানুষকেও কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শমীক। তাঁর আবেদন, সাধারণ মানুষ এই যাত্রায় সামিল হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করুন।
বিজেপির তরফে জানানো হয়েছে, নরেন্দ্র মোদী ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। প্রায় ১৩ বছর সেই পদে থাকার পর ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই প্রায় ১২ বছর পূর্ণ করেছেন মোদী। অর্থাৎ গুজরাতের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী—দুই পদ মিলিয়ে সরকারের প্রধান হিসেবে তাঁর টানা ২৫ বছরের প্রশাসনিক যাত্রা পূর্ণ হতে চলেছে ৭ অক্টোবর।এই সময়কালকে বিশেষভাবে স্মরণীয় করে তুলতেই বিজেপির তরফে ‘সেবা সঙ্কল্প অভিযান’ এবং তার সমাপ্তি পর্বে দেশজুড়ে ‘সেবা জ্যোতি যাত্রা’র আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন দলের রাজ্য সভাপতি।
Hindustan TV Bangla Bengali News Portal