Breaking News

দুর্গাপুজোর মুখে বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশের! টানা কয়েকদিন বন্ধ রেড রোড, যানজট এড়াতে একাধিক বিকল্প রুটও ঘোষণা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দুর্গাপুজোর প্রস্তুতি ও নিরাপত্তার কথা মাথায় রেখে রেড রোড এবং সংলগ্ন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা চালু করছে কলকাতা ট্রাফিক পুলিশ। পুজোর বিভিন্ন অনুষ্ঠান, পরিকাঠামো তৈরি এবং পরবর্তী সময়ে তা সরানোর কাজ যাতে নির্বিঘ্নে করা যায়, সেই কারণেই এই যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, আগামী ৬ অক্টোবর রাত ১০টা থেকে ১০ অক্টোবর গভীর রাত পর্যন্ত, প্রয়োজনে ১১ অক্টোবর ভোর পর্যন্ত রেড রোডের দু’টি লেনেই সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী এই নিষেধাজ্ঞার সময়সীমা ২৪ ঘণ্টা পর্যন্ত কার্যকর রাখা হতে পারে।
এই সময় খিদিরপুর রোড দিয়ে উত্তরমুখী যানবাহনগুলিকে পরিস্থিতি অনুযায়ী ডাফরিন রোড এবং আউটরাম রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। একইভাবে, আর আর অ্যাভিনিউ এবং গভর্নমেন্ট প্লেস ইস্ট হয়ে দক্ষিণমুখী যানবাহনগুলিকে প্রয়োজন অনুসারে মেয়ো রোড ও ডাফরিন রোড দিয়ে বিকল্প পথে পাঠানো হবে। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যান চলাচল স্বাভাবিক রাখতে ডিউটিতে থাকা আধিকারিক ও কর্মীরা পরিস্থিতি বিবেচনা করে শহরের বিভিন্ন প্রধান সড়ক এবং সংযোগকারী রাস্তা থেকেও যানবাহন অন্য পথে ঘুরিয়ে দিতে পারবেন। সাধারণ দৈনিক ট্রাফিক ব্যবস্থার পাশাপাশি এই বিশেষ নির্দেশিকাও কার্যকর থাকবে।দুর্গাপুজোর সময়ে রেড রোড ও আশপাশের এলাকায় ভিড় এবং যানবাহনের চাপ বাড়ার সম্ভাবনা থাকায় আগেভাগেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষকে ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলার পাশাপাশি বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *