Breaking News

‘হাজিরার আগে ৪৮ ঘণ্টা সময় দিতে হবে’, পুলিশের তলবে সাড়া নয়, ইমেল অভিষেকের! এরপরেই ফের কালীঘাটে পুলিশ

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ক্যামাক স্ট্রিট-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু নির্ধারিত দিনে থানায় হাজিরা দিলেন না ডায়মন্ড হারবারের সাংসদ। সূত্রের খবর, ইমেল করে পুলিশকে তিনি জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের আগে অন্তত ৪৮ ঘণ্টা সময় দিতে হবে তাঁকে। এর পরেই ফের কালীঘাটে অভিষেকের বাড়িতে যায় পুলিশ। আগামী বুধবার তাঁকে হাজিরার নির্দেশ দিয়ে নতুন নোটিস দেওয়া হয়েছে বলে খবর।ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরের বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে পুলিশ ও কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে তৃণমূল সাংসদের অনুগামীদের সংঘর্ষের অভিযোগ ওঠে। ওই ঘটনাকে কেন্দ্র করে তিনটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। সেই মামলাতেই অভিষেককে ফের জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। এর আগে এক বার তাঁকে তলব করা হলে তিনি থানায় হাজিরাও দিয়েছিলেন।
সূত্রের খবর, সোমবারের হাজিরা এড়ানোর কারণ জানিয়ে শেক্সপিয়র সরণি থানায় ইমেল পাঠিয়েছেন অভিষেক। সেখানে তিনি উল্লেখ করেছেন, সাংসদ হিসেবে তাঁর একাধিক পূর্বনির্ধারিত কর্মসূচি থাকে। রবিবার, ১১ অক্টোবর তাঁকে নোটিস দিয়ে পরের দিনই হাজিরা দিতে বলা হয়েছিল। এত কম সময়ের মধ্যে হাজিরা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।ইমেলে অভিষেকের বক্তব্য, ‘‘আমি সংসদের সদস্য এবং আমার কিছু পূর্বনির্ধারিত কর্মসূচি থাকে। ১১ অক্টোবর আমাকে একটা নোটিস দেওয়া হয়েছিল এবং পরের দিনই হাজিরা দিতে বলা হয়েছিল। এত কম সময়ের নোটিসে আমার পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। পর্যাপ্ত সময় না দিয়ে এ ভাবে হাজিরার নির্দেশ একতরফা, স্বেচ্ছাচারী ও অযৌক্তিক।’’ একই সঙ্গে তদন্তে সহযোগিতা করার বিষয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন তৃণমূল সাংসদ। পুলিশকে তিনি জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য থানায় হাজিরা দিতে তাঁর আপত্তি নেই। তবে তার আগে অন্তত ৪৮ ঘণ্টা সময় হাতে রেখে নোটিস দেওয়ার অনুরোধ করেছেন তিনি।
এর আগে অভিষেককে তলবের নোটিস দিতে গত বুধবারও তাঁর বাড়িতে গিয়েছিলেন পুলিশ আধিকারিকেরা। কিন্তু সেই সময় তিনি দিল্লিতে থাকায় নোটিস গ্রহণ করার মতো কাউকে বাড়িতে পাওয়া যায়নি বলে খবর। শনিবার দিল্লি থেকে কলকাতায় ফেরেন অভিষেক। এর পর রবিবার কালীঘাটে তাঁর বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসেন শেক্সপিয়র সরণি থানার আধিকারিকেরা। সেই নোটিস অনুযায়ী সোমবার হাজিরা দেওয়ার কথা থাকলেও তা হয়নি।গত ২৭ অগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরের একটি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, পুলিশ ভবনের ছাদে উঠে তৃণমূলের নামাঙ্কিত বিলবোর্ড খুলে দেয়। পুলিশের দাবি ছিল, বিলবোর্ডটি বেআইনি ভাবে লাগানো ছিল এবং বিপজ্জনক অবস্থায় ঝুলছিল, যা স্থানীয়দের নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারত। পরে একই জায়গায় তৃণমূলের নামাঙ্কিত ব্যানার লাগানো হয় বলে জানা যায়।
ওই ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া এফআইআরগুলির তদন্তের স্বার্থেই অভিষেককে ফের জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। নতুন নোটিস অনুযায়ী বুধবার তিনি থানায় হাজিরা দেন কি না, এখন সে দিকেই নজর রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *