Breaking News

‘উত্তরপ্রদেশের চেয়েও পুলিশে এগিয়ে থাকবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র বিলি শুভেন্দুর, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার বার্তা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-দেবীর বোধনের আগে দেবীপক্ষেই রাজ্যে নিয়োগের বোধন। বিজেপি সরকারের আমলে প্রথম বড় নিয়োগ কর্মসূচিতে ১১ হাজার রাজ্য পুলিশের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নিয়োগের কৃতিত্ব নিয়ে মুখ খুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘হাততালি চাই না, ক্রেডিট চাই না। শুধু বলতে চাই, সরকার পরিবর্তন না হলে এই নিয়োগ হত না।’’দীর্ঘদিন ধরে আটকে থাকা রাজ্য পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকারের আমলে সরকারি চাকরিতে নিয়োগের সূচনা হল বলে দাবি করেন শুভেন্দু। সরকার গঠনের সাড়ে পাঁচ মাসের মধ্যে এই নিয়োগকে সামনে রেখে তাঁর বার্তা, ‘মর্নিং শোজ দ্য ডে’। একই সঙ্গে নিয়োগে স্বচ্ছতা বজায় রাখা এবং পুলিশকে দুর্নীতিমুক্ত থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। ১১ হাজার নিয়োগপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে আগের সরকারের আমলে নিয়োগ আটকে থাকার জন্য ওবিসি সংক্রান্ত জটিলতার অভিযোগ তোলেন শুভেন্দু। তাঁর কথায়, ‘‘সরকার পরিবর্তন না হলে এই নিয়োগ হত না। ওবিসিতে নিয়োগ আটকে রেখেছিল আগের সরকার। কোর্ট আর সরকারের দড়ি টানাটানিতে আটকে ছিল নিয়োগ। বিধানসভায় অধিবেশন বসিয়ে ওবিসি জট মুক্ত করেছি। বিগত সরকারে হাই কোর্টের ডিভিশন বেঞ্চকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে মামলা করেছিল, সেখান থেকেও বেরিয়ে এসেছি। সরকার এত দ্রুততার সঙ্গে এই কাজ না করলে আজকের এই আনন্দটা দেখতে পেতাম না।’’নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার উপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ওরাল বা ফিজিক্যাল, এতটুকু ত্রুটি থাকবে না। নিয়ম মেনে নিয়োগ হবে। বিশ্বাস রাখুন।’’ সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতাই একমাত্র মাপকাঠি হবে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।
আগের সরকারের আমলে সিভিক ভলান্টিয়ারদের উপর পুলিশি ব্যবস্থার নির্ভরতা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘আগের সরকার সিভিক দিয়ে থানা চালাত, আমি সিভিকদের দোষ দিচ্ছি না। ২ হাজার করে বাড়িয়ে দিয়েছি পুজোর আগে। নিয়মানুবর্তিতা মেনে চলতে ট্রেনিং প্রয়োজন। সিভিকদের ন্যূনতম কোনও পরীক্ষাই নেওয়া হয়নি।’’
পাশাপাশি, আগামী দিনেও নিয়মিত নিয়োগের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা অনুযায়ী, জানুয়ারিতে রাজ্য পুলিশে ফের নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। কলকাতা পুলিশের ৩০০ সাব-ইনস্পেক্টর পদে প্রার্থী নির্বাচিত হয়েছেন বলেও জানান তিনি। ডিসেম্বরের মধ্যে ৪০০০ পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ছাড়াও ৯ হাজার পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ৬৫০টি পুলিশ ক্লার্ক পদে নিয়োগের কথা উল্লেখ করেন তিনি।
পুলিশের সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন শুভেন্দু। তাঁর দাবি, ‘‘২ বছরের মধ্যে উত্তরপ্রদেশের থেকেও পুলিশে সংখ্যায় এগিয়ে থাকবে বাংলা।’’ তবে শুধু নিয়োগ নয়, পুলিশকর্মীদের দায়িত্ব পালনের ক্ষেত্রেও সততা ও শৃঙ্খলা বজায় রাখার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্নীতি ও অন্যায্য কাজ থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে তাঁর বার্তা, নতুন নিয়োগের পাশাপাশি পুলিশি ব্যবস্থায় স্বচ্ছতা ও পেশাদারিত্বও নিশ্চিত করতে হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *