Breaking News

৫০ কেজি চাল, ৫ হাজার টাকা! পুজোর মুখে বন্ধ চা বাগানের শ্রমিকদের বড় উপহার, রাজ্যে ৪৫ হাজার নিয়োগের ঘোষণা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-দুর্গাপুজো থেকে ছটপুজো—উৎসবের মরশুমে রাজ্যের বন্ধ চা বাগানগুলির কর্মহীন শ্রমিকদের পাশে দাঁড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বন্ধ চা বাগানের শ্রমিকদের পরিবার পিছু অতিরিক্ত ৫০ কেজি চাল এবং ৫ হাজার টাকা করে দেওয়ার কথা জানালেন তিনি। বর্তমানে যে ৩৫ কেজি চাল তাঁরা পান, সেই সুবিধাও বহাল থাকবে। অর্থাৎ, নির্ধারিত সময়ে অতিরিক্ত ৫০ কেজি চালের পাশাপাশি আগের বরাদ্দ চালও পাবেন উপভোক্তারা।বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, উত্তরবঙ্গের ২১টি চা বাগান ২০২৩ সালের জানুয়ারি থেকে বন্ধ রয়েছে। এর ফলে মোট ১৯ হাজার ৫২৪ জন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে যাঁদের বয়স ৬০ বছরের কম এবং চা বাগান বন্ধ থাকার কারণে কাজ হারিয়েছেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫ হাজার টাকা করে পাঠানো হবে। শ্রম দপ্তরের মাধ্যমে এই অর্থ দেওয়া হবে। পাশাপাশি, দুর্গাপুজো থেকে ছটপুজো পর্যন্ত উৎসবের মরশুমে পরিবার পিছু অতিরিক্ত ৫০ কেজি চাল দেওয়া হবে।মুখ্যমন্ত্রী বলেন, কর্মহীন শ্রমিকরা বেতন পাচ্ছেন না, ফলে তাঁদের বোনাস পাওয়ারও কোনও সুযোগ নেই। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই সরকার এই উদ্যোগ নিয়েছে। তাঁর কথায়, “মানবিক সরকারের পক্ষ থেকে এটি একটি ছোট পদক্ষেপ।” এই ঘোষণায় বন্ধ চা বাগানের শ্রমিক পরিবারগুলির উৎসবের মরশুমে কিছুটা আর্থিক সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, চতুর্থীর দিনে রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্যও নিয়োগের ঘোষণা করেছে রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে মোট ৪৫ হাজার ১৮৫টি শূন্যপদে নিয়োগের প্রস্তাবে অর্থ দপ্তরের অনুমোদন মিলেছে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর আশ্বাস, নিয়ম মেনে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।
ঘোষিত শূন্যপদগুলির মধ্যে স্কুল শিক্ষা দপ্তরে ৩৩ হাজার ১৯৯টি পদে নিয়োগের পরিকল্পনা রয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে ৭ হাজার ১১৯টি পদে নিয়োগ করা হবে। টেকনিক্যাল এডুকেশন দপ্তরে অফিসার ও ক্লার্ক মিলিয়ে ১ হাজার ৮৮৬টি পদে নিয়োগের কথা জানানো হয়েছে। এ ছাড়াও পুলিশ বিভাগে ডেপুটি কমিশনার, সাব-ইনস্পেক্টর এবং লেডি কনস্টেবল-সহ বিভিন্ন পদে মোট ৯৪৬টি শূন্যপদে নিয়োগের পরিকল্পনা রয়েছে।মুখ্যমন্ত্রী জানান, মন্ত্রিসভার বৈঠকে এই নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে এবং দ্রুত প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হবে। একদিকে বন্ধ চা বাগানের কর্মহীন শ্রমিকদের জন্য আর্থিক সহায়তা ও অতিরিক্ত চালের ঘোষণা, অন্যদিকে রাজ্যে ৪৫ হাজারেরও বেশি পদে নিয়োগের আশ্বাস—চতুর্থীর দিনে এই দুই ঘোষণাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *