প্রসেনজিৎ ধর, হুগলি:- হুগলিতে স্থায়ী জেলা কার্যালয় তৈরির উদ্যোগ নিল বিজেপি। মঙ্গলবার চুঁচুড়ার তিন নম্বর গেট এলাকায় নতুন দলীয় কার্যালয়ের ভিতপুজো করা হয়। জেলা নেতৃত্বের পরিকল্পনা, সেখানে গড়ে তোলা হবে দোতলা ভবন। সংগঠনের কাজ আরও সুসংহত করা এবং কর্মীদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে দল।রাজনীতিতে দলীয় কার্যালয় যে কোনও সংগঠনের গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখান থেকেই সাংগঠনিক কাজ পরিচালনা, কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করা হয়। বাংলার রাজনীতিতে দলীয় কার্যালয় তৈরির ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই সিপিএমের পরিকাঠামো আলোচনায় রয়েছে। অন্যদিকে, দীর্ঘ প্রায় দেড় দশক রাজ্যে ক্ষমতায় থাকলেও হুগলিতে তৃণমূলের নিজস্ব স্থায়ী জেলা কার্যালয় ছিল না বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। এবার রাজ্যে ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই হুগলিতে স্থায়ী জেলা কার্যালয় তৈরির কাজ শুরু করল বিজেপি।বিজেপির রাজ্য সহ-সভাপতি মনোজ পাণ্ডে জানিয়েছেন, প্রস্তাবিত দোতলা ভবনে জেলা সভাপতির ঘর ও অফিসের জন্য পৃথক ব্যবস্থা থাকবে। পাশাপাশি, বাইরে থেকে আসা কর্মীদের বসার জায়গা, বৈঠকের জন্য হল, তথ্যপ্রযুক্তি ও সমাজমাধ্যম পরিচালনার পৃথক ইউনিট এবং রান্নার জায়গাও তৈরি করা হবে। দলীয় নেতৃত্বের দাবি, সংগঠনের কাজের পরিধি বাড়ায় এই ধরনের পরিকাঠামোর প্রয়োজনীয়তা আরও বেড়েছে।
হুগলির জেলা সদর চুঁচুড়াতেই নতুন কার্যালয় তৈরি করছে বিজেপি। অন্যদিকে, সিপিএমের জেলা কার্যালয় রয়েছে শ্রীরামপুরের কুমিরজলা রোডে। দীর্ঘদিন ধরে সেই কার্যালয়ের পরিকাঠামো সম্প্রসারিত হয়ে বর্তমানে চারতলা ভবনের রূপ নিয়েছে। সেখানে দলীয় দফতরের কর্মীদের থাকার ব্যবস্থাও রয়েছে। একসময় জেলা সিপিএমের শীর্ষ নেতাদেরও ওই কার্যালয়ে থাকতে দেখা যেত। কার্যালয় সংলগ্ন এলাকায় দলের আরও কয়েকটি ভবন রয়েছে।বিজেপি নেতৃত্বের বক্তব্য, বিরোধী দলে থাকার সময় রাজনৈতিক সংঘর্ষ বা আক্রান্ত হওয়ার ঘটনায় কর্মীরা ঘরছাড়া হলে অস্থায়ী দলীয় কার্যালয়ে তাঁদের আশ্রয়ের ব্যবস্থা করা হত। এবার স্থায়ী ভবন তৈরি হলে সাংগঠনিক কাজ পরিচালনা এবং কর্মীদের প্রয়োজন মেটানো আরও সহজ হবে। তাঁদের দাবি, এই পরিকল্পনা নতুন নয়; আগে থেকেই স্থায়ী কার্যালয় তৈরির ভাবনা ছিল।
হুগলি জেলা বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায় জানিয়েছেন, ভবিষ্যতে জমি কিনে মণ্ডল স্তরেও দলীয় কার্যালয় তৈরির পরিকল্পনা রয়েছে। তাঁর কথায়, “আগামী ৫০ বছর ক্ষমতায় থাকার লক্ষ্য নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে চায় দল।” সেই লক্ষ্য পূরণে স্থায়ী দলীয় কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছে জেলা বিজেপি নেতৃত্ব।
Hindustan TV Bangla Bengali News Portal