দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পুজোর আগে শহরতলির ট্রেনযাত্রীদের জন্য সুখবর। বাড়ানো হল শিয়ালদহ ডিভিশনের একাধিক এসি লোকালের অতিরিক্ত স্টপেজের পরীক্ষামূলক পরিষেবার মেয়াদ। শিয়ালদহ–রানাঘাট এসি লোকালে হালিশহর ও শিমুরালিতে দাঁড়ানোর সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি ১ অক্টোবর থেকে রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ এসি লোকালে গোপালনগর ও বামনগাছিতে অতিরিক্ত স্টপেজ দেওয়া হবে। শিয়ালদহ ডিভিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, রানাঘাট–শিয়ালদহ এসি লোকালের শিমুরালি, হালিশহর এবং ইছাপুরে অতিরিক্ত স্টপেজের পরীক্ষামূলক পরিষেবা চালু থাকবে। আপ ট্রেনটি ইছাপুরে সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে, হালিশহরে ৭টা ৫৪ মিনিটে এবং শিমুরালিতে রাত ৮টা ১২ মিনিটে পৌঁছবে। পরের দিন সকালে ডাউন ট্রেনটি শিমুরালিতে ৮টা ৪৫ মিনিটে, হালিশহরে ৯টা ২ মিনিটে এবং ইছাপুরে ৯টা ২৩ মিনিটে দাঁড়াবে। এই অতিরিক্ত স্টপেজের পরীক্ষামূলক মেয়াদই এবার ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
অন্যদিকে শিয়ালদহ–বনগাঁ–রানাঘাট এসি লোকালেও নতুন করে অতিরিক্ত স্টপেজ যুক্ত হচ্ছে। ১ অক্টোবর থেকে আপ ট্রেনটি শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে ছাড়বে। বামনগাছিতে সন্ধ্যা ৭টা ২ মিনিটে এবং গোপালনগরে রাত ৮টা ১৯ মিনিটে পৌঁছবে। এরপর রাত ৮টা ৪৩ মিনিটে রানাঘাটে পৌঁছবে ট্রেনটি।
পরের দিন সকালে ডাউন রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ এসি লোকালটি গোপালনগরে সকাল ৭টা ৩৪ মিনিটে এবং বামনগাছিতে ৮টা ৪৩ মিনিটে দাঁড়াবে। এরপর সকাল ৯টা ৩৮ মিনিটে শিয়ালদহে পৌঁছবে ট্রেনটি। শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, শহরতলির যাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক করতেই অতিরিক্ত স্টপেজের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে আরও বেশি যাত্রীকে প্রতিদিনের যাতায়াতে এসি লোকাল পরিষেবার সুবিধা দেওয়াই রেলের লক্ষ্য।
Hindustan TV Bangla Bengali News Portal