Breaking News

সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি! ক্লাসরুমেই সহপাঠীর গলায় ছুরির কোপ, জখম নবম শ্রেণির ছাত্র

প্রসেনজিৎ ধর, কলকাতা :-স্কুলের মধ্যেই দুই পড়ুয়ার মধ্যে বচসা। আর সেই বচসা থেকেই পরিস্থিতি গড়াল রক্তাক্ত ঘটনায়। অভিযোগ, নবম শ্রেণির এক ছাত্র ধারাল ছুরি দিয়ে তারই সহপাঠীর গলায় আঘাত করেছে। বুধবার দুপুরের এই ঘটনায় কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন স্কুলের অন্যান্য পড়ুয়া এবং অভিভাবকরাও।জানা গিয়েছে, বুধবার দুপুরে নবম শ্রেণির দুই পড়ুয়ার মধ্যে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। ধীরে ধীরে তা উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এরপরই এক ছাত্র ধারাল অস্ত্র দিয়ে তার সহপাঠীর গলায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় স্কুলের ভিতরেই পড়ে যায় আহত ছাত্র।ঘটনার পর দ্রুত তাকে উদ্ধার করে বাইপাসের ধারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গলায় আঘাত লাগলেও আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
ঘটনায় ব্যবহৃত ছুরিটি নিয়েও প্রশ্ন উঠেছে। স্কুল সূত্রে খবর, পড়ুয়ারা হোমটাস্ক বা বিভিন্ন কাজের জন্য যে ধরনের ছুরি ব্যবহার করে, হামলায় ব্যবহৃত অস্ত্রটি সেই ধরনেরই বলে জানা গিয়েছে। তবে সেটি কীভাবে অভিযুক্ত ছাত্রের হাতে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।ঘটনার খবর পেয়েই স্কুলে পৌঁছয় গড়িয়াহাট থানার পুলিশ। স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক এবং পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। দুই ছাত্রের মধ্যে আগে থেকেই কোনও বিবাদ ছিল কি না, নাকি সামান্য বচসা থেকেই আচমকা পরিস্থিতি এতটা গুরুতর হয়ে ওঠে, তা জানার চেষ্টা চলছে।বিশেষ করে স্কুলের ভিতরে ধারাল অস্ত্র কীভাবে এক পড়ুয়ার হাতে পৌঁছল, কেনই বা সে সহপাঠীর গলায় আঘাত করল—এই বিষয়গুলিই তদন্তে গুরুত্ব পাচ্ছে। স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *