Breaking News

দুর্গাপুজোর আগেই বকেয়া সম্পত্তি কর মেটানোর বড় সুযোগ! সুদ-জরিমানায় বিপুল ছাড়, নতুন ওয়েভার স্কিম চালু করছে কলকাতা পুরসভা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দুর্গাপুজোর আগে বকেয়া সম্পত্তি কর আদায়ে বড়সড় ছাড়ের ঘোষণা কলকাতা পুরসভার। দীর্ঘদিন ধরে জমে থাকা করের উপর সুদ ও জরিমানার বোঝা কমাতে নতুন করে ওয়েভার স্কিম চালু করা হচ্ছে। ‘ইনসেন্টিভ ওয়েভার অফ ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি টু দ্য প্রপার্টি ট্যাক্স পেয়ার্স স্কিম, ২০২৬’-এর আওতায় নির্দিষ্ট শ্রেণির সম্পত্তির ক্ষেত্রে সুদ ও পেনাল্টিতে উল্লেখযোগ্য ছাড় মিলবে। পুরসভা সূত্রে খবর, বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে ছ’মাস পর্যন্ত এই প্রকল্প কার্যকর থাকবে। জনস্বার্থের কথা বিবেচনা করে রাজ্য সরকার চাইলে আরও সর্বোচ্চ দু’মাস এর মেয়াদ বাড়াতে পারে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া সম্পত্তি কর মিটিয়ে ওয়েভার স্কিমের সুবিধা নিতে পারবেন করদাতারা।
নতুন নিয়মে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থার সম্পত্তির ক্ষেত্রে সুদ এবং পেনাল্টি—দুই ক্ষেত্রেই ১০০ শতাংশ ছাড় দেওয়া হবে। আবাসিক বা রেসিডেন্সিয়াল সম্পত্তির ক্ষেত্রেও একই সুবিধা থাকছে। অর্থাৎ বকেয়া মূল কর পরিশোধ করলেই সংশ্লিষ্ট সুদ ও জরিমানার পুরোটা মকুব হয়ে যাবে।অন্যদিকে, সম্পূর্ণ বাণিজ্যিক কাজে ব্যবহৃত সম্পত্তির ক্ষেত্রে সুদে ৭০ শতাংশ এবং পেনাল্টিতে ৯৯ শতাংশ ছাড় মিলবে। মিশ্র বা ‘মিক্সড’ ব্যবহারের সম্পত্তির ক্ষেত্রে সুদের উপর ৮০ শতাংশ এবং পেনাল্টিতে ৯৯ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পুরসভা সূত্রে আরও জানা গিয়েছে, এই সুবিধা পেতে বিজ্ঞপ্তি জারির ছ’মাসের মধ্যে বকেয়া কর মিটিয়ে দিতে হবে। নির্দিষ্ট শর্ত পূরণ করলে এককালীন পরিশোধের পাশাপাশি কিস্তিতে কর মেটানোর সুযোগও থাকতে পারে। ফলে একসঙ্গে বড় অঙ্কের টাকা দেওয়া সম্ভব না হলেও নির্দিষ্ট নিয়ম মেনে এই প্রকল্পের আওতায় আসার সুযোগ থাকছে। তবে ওয়েভার স্কিমের সুবিধা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শর্তও রাখা হয়েছে। পুরসভা কিংবা অন্য কোনও আইনি মঞ্চে বার্ষিক মূল্যায়ন বা সম্পত্তি কর সংক্রান্ত মামলা অথবা বিরোধ চললে তা প্রত্যাহার করতে হবে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই বকেয়া কর মিটিয়ে ওয়েভার স্কিমের সুবিধা নেওয়া যাবে। এর আগেও কলকাতা পুরসভা একাধিক বার বকেয়া সম্পত্তি করের সুদ ও পেনাল্টিতে ছাড় দিয়ে ওয়েভার স্কিম চালু করেছিল। সেই সময় বহু করদাতা বকেয়া কর পরিশোধ করেন। বিধানসভা নির্বাচনের সময় আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ায় এই সুবিধা বন্ধ রাখা হয়েছিল। এ বার দুর্গাপুজোর আগে ফের ওয়েভার স্কিম চালু করে বকেয়া সম্পত্তি কর আদায়ে গতি আনতে চাইছে কলকাতা পুরসভা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *