প্রসেনজিৎ ধর, কলকাতা :- আর মাত্র ন’দিন। ১০ অক্টোবর মহালয়া। তার আগেই কলকাতার বেহাল রাস্তার চেহারা বদলাতে মরিয়া কলকাতা পুরসভা। পুজোর আবহে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি মেরামতের কাজ দ্রুত শেষ করতে পুরসভার সড়ক বিভাগকে কার্যত যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভা সূত্রে খবর, ছোট-বড় মিলিয়ে প্রায় ১৫০টি রাস্তা মহালয়ার আগেই সারানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।পালাবদলের পর বঙ্গে এবার প্রথম দুর্গাপুজো। তার মধ্যেই ইডেনে শারদোৎসবের মেগা অনুষ্ঠানের উদ্বোধনে কলকাতায় আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ফলে পুজোর আগে শহরের রাস্তা ও পরিকাঠামো নিয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সূত্রের খবর, মহালয়ার আগেই শহরের রাস্তাঘাটের পরিস্থিতি খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শনে বেরোতে পারেন মুখ্যমন্ত্রীও।পুরসভা সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের তরফে ইতিমধ্যেই বেহাল রাস্তার একটি তালিকা পুরসভার কাছে পাঠানো হয়েছে। সেই তালিকা ধরেই অগ্রাধিকার ভিত্তিতে মেরামতির কাজ চলছে। শহরের ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যান চলাচলে সমস্যা এড়াতে মূলত রাতের দিকে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুলনায় কম ব্যস্ত রাস্তা এবং ছোট গলিতে দিনের বেলাতেও মেরামতির কাজ চলবে। বর্ষার টানা বৃষ্টিতে কলকাতার বিভিন্ন রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে। পুরসভার দাবি, এ বছর দীর্ঘ সময় ধরে বৃষ্টি চলায় রাস্তা মেরামতির কাজ বার বার ব্যাহত হয়েছে। তবে পুজোর আগে সেই ঘাটতি দ্রুত পূরণ করতে চাইছে পুরসভা।মেরামতির তালিকায় রয়েছে ধর্মতলা, বিবাদী বাগের অফিসপাড়ার একাধিক রাস্তা, আশুতোষ মুখার্জি রোড, ইএম বাইপাস, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এনএসসি বোস রোড এবং রাজা এসসি মল্লিক রোডের মতো গুরুত্বপূর্ণ পথ। চিংড়িঘাটা ও ইএম বাইপাস ক্রসিং এবং চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের বিভিন্ন অংশে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। যেসব গুরুত্বপূর্ণ রাস্তা তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত, সেখানে প্রয়োজন অনুযায়ী প্যাচওয়ার্কও করা হচ্ছে।
সব মিলিয়ে হাতে মাত্র ন’দিন। এই অল্প সময়ের মধ্যেই প্রায় দেড়শো রাস্তার মেরামতির কাজ শেষ করাই এখন কলকাতা পুরসভার লক্ষ্য।
Hindustan TV Bangla Bengali News Portal