Breaking News

‘আমি ভবানীপুর ছাড়লে আবার দাঁড়িয়ে যেত ও’, নন্দীগ্রাম আসন ছেড়ে ভবানীপুরে থাকার কারণ ব্যাখ্যা শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ‘বন্ধুত্বের হাত’!

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- নন্দীগ্রামের সঙ্গে তাঁর রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক বজায় থাকবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের হয়ে প্রচারে গিয়ে তিনি বলেন, নন্দীগ্রাম ছেড়ে যাচ্ছেন না তিনি। ভোটার তালিকায় নন্দীগ্রামের বাসিন্দা হিসেবেই তাঁর নাম থাকবে।
হরিপুরের দেবীপুর হাই স্কুল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নিজের রাজনৈতিক জীবনে নন্দীগ্রামের ভূমিকার কথাও তুলে ধরেন শুভেন্দু। তাঁর দাবি, নন্দীগ্রামের রাজনৈতিক সহকর্মী ও বাসিন্দাদের ভূমিকার কারণেই তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। দীর্ঘ প্রায় দুই দশক ধরে নন্দীগ্রামের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি।
পর পর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে জয় পাওয়ার পরও কেন তিনি ভবানীপুরের বিধায়ক হিসেবে থেকে গিয়েছিলেন, সেই প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ভবানীপুর ছেড়ে দিলে সেখানে ফের প্রার্থী হওয়ার সুযোগ তৈরি হত। সেই কারণেই ওই কেন্দ্রের বিধায়ক থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে নন্দীগ্রামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কোনও প্রশ্ন নেই বলে স্পষ্ট করেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘ভারতমাকে সাক্ষী রেখে কথা দিয়ে গেলাম, ভোটার তালিকায় নাম আমার নন্দীগ্রামে ছিল, আছে এবং থাকবে। এখানকার ভোটার তালিকা থেকে নাম কাটব না।’’
উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি নন্দীগ্রামের সংখ্যালঘু ভোটারদের উদ্দেশেও আলাদা বার্তা দেন তিনি। তাঁদের সঙ্গে ‘বন্ধুত্ব’ করার আহ্বান জানিয়ে শুভেন্দু বলেন, ৬ অক্টোবর ভোট এবং ৯ অক্টোবর গণনা। তাঁর দাবি, বিজেপির সঙ্গে থাকলে উন্নয়নের অংশীদার হবেন সংখ্যালঘুরাও।
নন্দীগ্রামের উন্নয়ন প্রসঙ্গে শুভেন্দু বলেন, আগামী দু’বছরের মধ্যে এলাকাকে এমন ভাবে গড়ে তোলা হবে যাতে স্থানীয় বাসিন্দারাই নন্দীগ্রামকে পুরসভায় পরিণত করার দাবি জানান।এদিনের সভায় বিজেপি প্রার্থী হাসিরানি রথের ছেলে চন্দ্রনাথ রথের মৃত্যুর প্রসঙ্গও তোলেন শুভেন্দু। চন্দ্রনাথ তাঁর আপ্তসহায়ক ছিলেন এবং এয়ারফোর্সে কর্মরত ছিলেন বলে জানান তিনি। ৬ মে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে গুলিতে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় সিবিআই তদন্ত চলছে বলেও সভায় জানান মুখ্যমন্ত্রী।চন্দ্রনাথের খুনের পিছনে কারা রয়েছে, তা নিয়ে একাধিক অভিযোগ করেন শুভেন্দু। তাঁর দাবি, উত্তরপ্রদেশ থেকে শুটার আনা হয়েছিল, বিহারের মুঙ্গের থেকে অস্ত্রের ব্যবস্থা করা হয়েছিল এবং ‘ভাইপো গ্যাং’ নামে যাঁদের উল্লেখ করেন, তাঁদের তরফে অর্থ দেওয়া হয়েছিল। যদিও এই অভিযোগগুলির বিষয়ে তদন্তকারী সংস্থার চূড়ান্ত সিদ্ধান্ত এখনও সামনে আসেনি।
সভা থেকে আগামী ৬ অক্টোবরের ভোটে ইভিএমের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান জানান শুভেন্দু। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথকে জয়ী করার আবেদন জানিয়ে প্রচার শেষ করেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *