প্রসেনজিৎ ধর, কলকাতা :- বেআইনি দোকান উচ্ছেদ নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। দোকান ভাঙার কাজে বেসরকারি ব্যক্তিদের জেসিবি ব্যবহারের প্রয়োজন হল কেন, তা নিয়ে প্রশ্ন করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তাঁর বক্তব্য, কোনও দোকানদার বেআইনিভাবে জায়গা দখল করে থাকলেও তাঁর বিরুদ্ধে আইন মেনেই ব্যবস্থা নিতে হবে। নিজের হাতে আইন তুলে নেওয়া যায় না।ফুটপাথ বা অন্যান্য সরকারি জায়গা দখল করে থাকা বেআইনি দোকান সরাতে রাজ্যজুড়ে অভিযান চলছে। এই উচ্ছেদকে কেন্দ্র করেই হাই কোর্টে মামলা হয়। মামলাকারীদের বক্তব্য, পুনর্বাসনের ব্যবস্থা না করে দোকান ভাঙা বা উচ্ছেদ করা উচিত নয়। শুনানিতে আদালত পুজো পর্যন্ত উচ্ছেদ অভিযান বন্ধ রাখার নির্দেশও দিয়েছিল।শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানি হয়। রাজ্যের হয়ে সওয়াল করেন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য। তিনি জানান, আগে যে দোকানদারদের সরানো হয়েছিল, প্রশাসনের তরফে তাঁদের ফের দোকানে ফিরিয়ে দেওয়া হয়েছে।
শুনানির সময় একটি নির্দিষ্ট ঘটনার উল্লেখ করেন বিচারপতি। অভিযোগ ছিল, এক দোকানদারকে হয়রানি করতে তাঁর দোকানের সামনে বড় গর্ত খোঁড়া হয়েছিল। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিচারপতি প্রশ্ন করেন, ‘‘কী হচ্ছে এটা? ওরা জেসিবি ব্যবহার করেছে।’’রাজ্যের তরফে জানানো হয়, ওই ভুল পরে সংশোধন করা হয়েছে। এরপরই আদালত জানায়, দোকানদাররা অবৈধভাবে দখল করে থাকলেও তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ করতে হবে। শুধুমাত্র শাসন পরিবর্তনের কারণে কোনও বেসরকারি ব্যক্তি নিজের হাতে আইন তুলে নিতে পারেন না।
বেঞ্চের পর্যবেক্ষণ, বেসরকারি সংস্থার লোকজন যখন উচ্ছেদ করছিলেন, তখন পুলিশের ভূমিকা ছিল কার্যত নীরব দর্শকের মতো। আদালত আরও জানায়, উপযুক্ত কর্তৃপক্ষের নির্দেশ ছাড়াই কোনও দোকানদারকে উচ্ছেদ করা হলে তা গ্রহণযোগ্য নয়। ফলে দোকান উচ্ছেদ সংক্রান্ত মামলায় রাজ্যের ভূমিকা নিয়ে আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়তে হল সরকারকে।
Hindustan TV Bangla Bengali News Portal