Breaking News

বারাসতে ছুটতে হবে না, এবার ব্লক অফিসেই সিএএ-র শুনানি! বনগাঁয় বড় ঘোষণা খাদ্যমন্ত্রীর

দেবরীনা মণ্ডল সাহা :-পুজোর আগে নাগরিকত্বের আবেদনকারীদের জন্য বড় খবর। নাগরিকত্ব আইনের অধীনে করা আবেদনের যাচাই ও শুনানির জন্য এবার থেকে আর জেলা সদর দফতরে যেতে হবে না। স্থানীয় ব্লক অফিসেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানালেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। শুক্রবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘সেবা সেতু’ অভিযান। বনগাঁ ব্লক অফিসে সেই কর্মসূচিতে যোগ দিয়ে এই ঘোষণা করেন মন্ত্রী।উত্তর ২৪ পরগনা জেলা পাঁচটি মহকুমা—বারাসত, বারাকপুর, বনগাঁ, বসিরহাট ও বিধাননগর নিয়ে গঠিত। জেলার সদর দফতর বারাসতে। ফলে এতদিন জেলার বিভিন্ন প্রান্তের বাসিন্দাদের নাগরিকত্বের আবেদনের শুনানির জন্য বারাসতে যেতে হত।বিশেষ করে বনগাঁ ও বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকায় বহু উদ্বাস্তু পরিবারের বসবাস। তাঁদের অনেকেই নাগরিকত্ব আইনের অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। আবেদনকারীদের শুনানির জন্য বারাসতে যেতে হওয়ায় দীর্ঘদিন ধরে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছিল। নির্দিষ্ট দিনে শুনানিতে উপস্থিত হতে না পারলে নাগরিকত্বের শংসাপত্র পেতেও দেরি হচ্ছিল বলে জানা গিয়েছে।
এবার সেই সমস্যা দূর করতেই স্থানীয় ব্লক অফিসে শুনানির ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। বনগাঁ ব্লক অফিসে অশোক কীর্তনিয়া বলেন, ‘‘পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তু মানুষ একটা সময় অখণ্ড ভারতের নাগরিক ছিলেন। পরবর্তীকালে তাঁদের উদ্বাস্তু করে দেওয়া হয়। কেন্দ্র সরকার তাঁদের জন্য নাগরিকত্ব আইন করেছে। এতদিন জেলাশাসকের অফিসে শুনানি হত। এখানকার মানুষকে বারাসতে যেতে হত। এখন থেকে স্থানীয় ব্লক অফিসেই শুনানি হবে।’’
নতুন ব্যবস্থায় আবেদনকারীদের দূরের জেলা সদরে না গিয়ে নিজেদের এলাকার কাছাকাছি ব্লক অফিসেই নাগরিকত্বের আবেদনের শুনানিতে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *