Breaking News

সন্তানকে বাঁচাতে ঘাগরা জলপ্রপাতে ঝাঁপ, ছেলেকে পাড়ে তুলেই স্রোতে ভেসে গেলেন মা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-সাপ্তাহিক ছুটিতে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে বেড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল এক পরিবার। ঘাগরা জলপ্রপাতের কাছে ছবি তোলার সময় আচমকা জলে পড়ে যায় সাত বছরের সন্তান। তাকে বাঁচাতে ঝাঁপ দেন মা। সন্তানকে নিরাপদে পাড়ে তুলে আনতে পারলেও প্রবল জলের স্রোতে ভেসে যান তিনি। চোখের সামনে স্ত্রীকে তলিয়ে যেতে দেখেন স্বামী। নিখোঁজ গৃহবধূর খোঁজে তল্লাশি শুরু করেছে বেলপাহাড়ি থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দল।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার কলকাতা থেকে প্রায় ৩৬ জনের একটি পর্যটক দল ঝাড়গ্রামে আসে। বিভিন্ন হোটেলে ওঠার পর দুপুর নাগাদ তাঁরা বেলপাহাড়ির জনপ্রিয় পর্যটনকেন্দ্র ঘাগরা জলপ্রপাত দেখতে যান। ওই দলের সদস্য ছিলেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বাসিন্দা এবং একটি বেসরকারি সংস্থার কর্মী রাজদীপ দত্ত। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী প্রীতি দত্ত এবং তাঁদের সাত বছরের সন্তান। প্রত্যক্ষদর্শীদের দাবি, জলপ্রপাতের কাছে দাঁড়িয়ে ছবি তুলছিলেন রাজদীপ ও প্রীতি। সেই সময় কোনও lভাবে পা পিছলে জলপ্রপাত সংলগ্ন খাদে পড়ে যায় তাঁদের সন্তান। সন্তানকে বাঁচাতে সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দেন প্রীতি। পরক্ষণেই ছেলেকে উদ্ধারের জন্য জলে নামেন রাজদীপও।সাঁতার না জানা সত্ত্বেও প্রাণপণ চেষ্টা করে সন্তানকে ধরে পাড়ে তুলে আনতে সক্ষম হন রাজদীপ। তবে প্রবল স্রোতের মধ্যে স্ত্রীকে ধরে রাখা সম্ভব হয়নি তাঁর পক্ষে। মুহূর্তের মধ্যেই চোখের সামনে প্রীতিকে জলের তোড় ভাসিয়ে নিয়ে যায়।
ঘটনার পর পর্যটক দলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বেলপাহাড়ি থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় জলপ্রপাতের আশপাশের পাথুরে অংশ এবং স্রোতের নিম্নমুখী এলাকায় তল্লাশি শুরু হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ মহিলার সন্ধান মেলেনি। ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা জানিয়েছেন, ঘাগরা জলপ্রপাতে অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা ঘটেছে। শিশুটিকে নিরাপদে উদ্ধার করা গেলেও তার মাকে এখনও পাওয়া যায়নি। বিপর্যয় মোকাবিলা দলকে সঙ্গে নিয়ে নিখোঁজ পর্যটকের সন্ধানে জোরদার তল্লাশি চালানো হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *