প্রসেনজিৎ ধর, কলকাতা :-ব্যবসায়ী খুনের মামলায় অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল কলকাতা হাই কোর্ট। আগামী ৮ অক্টোবর দুপুর সাড়ে ৩টের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করতে হবে বলে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অর্থাৎ, ৪৮ ঘণ্টার মধ্যেই আদালতের নির্দেশ মেনে আত্মসমর্পণ করতে হবে অভিযুক্ত বিডিওকে।
একইসঙ্গে, এই মামলায় তদন্ত কতদূর এগিয়েছে, তার বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দেওয়ার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। আগামী ১৪ ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানি হবে।
সল্টলেকের এক ব্যবসায়ী খুনের ঘটনায় নাম জড়িয়েছে প্রশান্ত বর্মনের। অভিযোগ, দীর্ঘদিন ধরেই তিনি পলাতক। এর আগে রাজারহাট-নিউটাউন এলাকায় রাতে গাড়ি চালানোর সময় এক পথচারীকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। পরবর্তীতে মদ্যপ অবস্থায় রাস্তায় চিৎকার-চেঁচামেচি এবং মারমুখী আচরণের অভিযোগও ওঠে। ওই ঘটনায় পুলিশ তাঁকে আটক করে পরদিন বারাসত আদালতে পেশ করে। পরে জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই ফের তাঁর কোনও সন্ধান মেলেনি বলে জানা গিয়েছে।
প্রশান্ত বর্মনকে ঘিরে মামলায় আগেই একাধিক নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরেও তাঁর হদিশ না মেলায় এদিন শুনানিতে অসন্তোষ প্রকাশ করে হাই কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ কীভাবে কার্যকর হয়নি, তা নিয়েও প্রশ্ন তোলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।এদিন আদালতে আরও প্রশ্ন ওঠে, একজন অভিযুক্ত দীর্ঘদিন ধরে আত্মগোপন করে থাকার পরও কীভাবে সরকারি পদে থেকে বেতন পেয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে আদালত।
শুনানিতে প্রধান বিচারপতি জানান, কোনও অভিযুক্ত দীর্ঘদিন পলাতক থাকলে আইন মেনে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো পদক্ষেপ করা যেতে পারে। সুপ্রিম কোর্টের একটি রায়ের উল্লেখ করে এই মন্তব্য করেন তিনি। পাশাপাশি, প্রশান্ত বর্মনের সম্পত্তির তালিকা তৈরি করে তা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করার নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট।
Hindustan TV Bangla Bengali News Portal