নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কমানো নিয়ে রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তের প্রেক্ষিতে আগামী ১৩ অক্টোবরের মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণ রাও। পাশাপাশি, নিরাপত্তা কমানোর পর যদি অভিষেকের উপর কোনও হামলার ঘটনা ঘটে, তার দায় কে নেবে—শুনানিতে সেই প্রশ্নও তুলেছেন বিচারপতি।
মঙ্গলবার মামলার শুনানিতে অভিষেকের আইনজীবীরা জানান, আগে তিনি জেড প্লাস নিরাপত্তা পেতেন। কিন্তু গত ১০ মে তাঁর নিরাপত্তা কমিয়ে এক্স ক্যাটাগরি করা হয়েছে বলে আদালতে দাবি করা হয়। আইনজীবীদের বক্তব্য, এখনও পর্যন্ত একাধিকবার অভিষেককে আক্রমণের মুখে পড়তে হয়েছে এবং তাঁকে হুমকিও দেওয়া হয়েছে। তিনি লোকসভার সাংসদ হওয়ায় তাঁর নিরাপত্তা পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে।
রাজ্যের তরফে আদালতে জানানো হয়, নিরাপত্তা সংক্রান্ত পর্যালোচনার পর গত ১২ মে অভিষেকের নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সেই সিদ্ধান্তের বিস্তারিত রিপোর্ট আদালতে পেশ করতে আরও সময় চাওয়া হয়েছে। রাজ্যের আইনজীবী তিন সপ্তাহ সময় চাইলেও আদালত নিরাপত্তা সংক্রান্ত নথি ও সিদ্ধান্তের বিষয়ে স্পষ্ট তথ্য চেয়েছে।
অন্যদিকে, কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী আদালতে বলেন, কোনও ব্যক্তির নিরাপত্তার প্রয়োজনীয়তা পর্যালোচনা করে রাজ্য সরকারই। অভিষেকের উপর সোনারপুরের একটি কর্মসূচিতে হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ রয়েছে। ঘটনার সময় তাঁর মাথায় হেলমেট ছিল এবং পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে ভর্তি করার প্রয়োজন মনে করেননি বলেও আদালতে জানানো হয়।অভিষেকের আইনজীবীদের দাবি, নিরাপত্তা কমানোর পর থেকেই তাঁর মক্কেলকে একাধিকবার হামলার মুখে পড়তে হয়েছে। তাঁকে উপযুক্ত নিরাপত্তা দেওয়ার আবেদন জানানো হয়। কেন্দ্রের তরফে পাল্টা বলা হয়, নিরাপত্তার প্রয়োজনীয়তা নির্ধারণের দায়িত্ব রাজ্যেরই।
শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও জানান, নিরাপত্তা প্রত্যাহার বা কমানোর বিষয়ে রাজ্যের ডিরেক্টর অফ সিকিউরিটি আদালতে কোনও নির্দিষ্ট নির্দেশ দেখাতে পারেননি। তাই কবে এবং কীভাবে নিরাপত্তা কমানো হয়েছিল, তা রিপোর্টে স্পষ্ট করতে হবে। পাশাপাশি, হামলার পর অভিষেকের তরফে নিরাপত্তা চেয়ে যে আবেদন করা হয়েছিল, তার ভিত্তিতে রাজ্য কী পদক্ষেপ করেছে, সেটিও জানাতে হবে।
বিচারপতি বলেন, কোনও ব্যক্তিকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনাকে শুধুমাত্র ‘লঘু অপরাধ’ হিসেবে দেখা যায় না। সেই পাথর শরীরে আঘাত করলে পরিস্থিতি গুরুতর হতে পারে। রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার জন্য সময় দেওয়া হলেও, এই সময়ের মধ্যে অভিষেকের উপর কোনও হামলা হলে তার দায় কে নেবে—সেই প্রশ্নও তোলেন বিচারপতি।
আগামী ১৩ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানি। ওই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে রাজ্যকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে।
Hindustan TV Bangla Bengali News Portal