দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভারতীয় মহিলা ক্রিকেটে বড় পরিবর্তন। সব ধরনের ক্রিকেটে জাতীয় দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন হরমনপ্রীত কৌর। মঙ্গলবার আচমকাই সমাজমাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। তাঁর পরিবর্তে ভারতীয় মহিলা দলের নতুন অধিনায়ক হিসেবে স্মৃতি মন্ধানার নাম উঠে আসছে।হরমনপ্রীতের নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল একাধিক স্মরণীয় সাফল্য অর্জন করেছে। তাঁর অধিনায়কত্বেই ২০২৫ সালের এক দিনের বিশ্বকাপ জিতেছে ভারত। পাশাপাশি ২০২২ এবং ২০২৬ সালের এশিয়ান গেমসেও সোনা জিতেছে ভারতীয় মহিলা দল। দীর্ঘদিন দলকে নেতৃত্ব দেওয়ার পর এবার সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন হরমনপ্রীত। নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে সমাজমাধ্যমে হরমনপ্রীত লিখেছেন, “আজ আমি সব ফরম্যাটেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। এটি মোটেই সহজ সিদ্ধান্ত ছিল না। এর সঙ্গে জড়িয়ে আছে বহু বছরের স্মৃতি, আবেগ, ত্যাগ এবং এমন কিছু মুহূর্ত যা জীবনের বাকি সময়টা আমার সঙ্গে থেকে যাবে। এই দল এবং ভারতীয় মহিলা ক্রিকেটের জন্য আমার যা দেওয়ার ছিল, তার সবটাই আমি দিয়েছি। আমার রক্ত, ঘাম, সময় এবং বহু বার নিজের ব্যক্তিগত পারফরম্যান্স ও স্বপ্নকেও ত্যাগ করেছি। এমন অনেক মুহূর্ত এসেছে যখন আমাকে নিজের ব্যক্তিগত পারফরম্যান্স, নিজের উন্নতি এবং নিজের চাওয়া-পাওয়াকে পাশে সরিয়ে রাখতে হয়েছে। কারণ, আমি সব সময় বিশ্বাস করেছি যে দলের স্বার্থই সবার আগে।” অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের সময় তাঁকে যে বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, সে কথাও জানিয়েছেন হরমনপ্রীত। তিনি লিখেছেন, “অধিনায়ক হিসেবে আমাকে কঠিন অনেক সিদ্ধান্ত নিতে হয়েছে। এমন কিছু সিদ্ধান্ত যা সব সময় সকলে বুঝতে পারেনি, যা নেওয়া সহজ ছিল না এবং যার জন্য অনেক সময় ব্যক্তিগত খেসারতও দিতে হয়েছে। তবে আমার নেওয়া প্রতিটি সিদ্ধান্তের পিছনে একটিই উদ্দেশ্য ছিল— এই দলকে আরও উন্নত করা এবং অন্যান্য ক্রিকেটারেরা যাতে নিজেকে তুলে ধরার, নিজের উপর বিশ্বাস রাখার ও নিজের সেরাটা মেলে ধরার সুযোগ পায়, সেটা দেখা। আমি সব রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছি।” সাফল্যের পাশাপাশি ব্যর্থতার কঠিন সময়ও যে তাঁর অধিনায়কত্বের অংশ ছিল, তা উল্লেখ করে হরমনপ্রীত বলেন, “আমি চরম হতাশার মুহূর্ত দেখেছি। হৃদয়ভঙ্গের যন্ত্রণা, সমালোচনা, সংশয় এবং এমন দিনও দেখেছি যখন কোনও কিছুই আমাদের পক্ষে যাচ্ছিল না। আবার একই সঙ্গে আমি সাফল্যের শীর্ষও স্পর্শ করেছি। সেই জয়, উদযাপন, দেশকে প্রতিনিধিত্ব করার গর্ব এবং এমন কিছু মুহূর্ত যা প্রতিটি ত্যাগকে সার্থক করে তুলেছিল। আজ যখন আমি অধিনায়কত্ব ছাড়ছি, আমার হৃদয় আবেগে ভরা, তবে মনে এক পরম শান্তি রয়েছে।” বর্তমান ভারতীয় মহিলা দলকে নিয়েও যথেষ্ট আশাবাদী হরমনপ্রীত। তাঁর কথায়, “আমি মন থেকে বিশ্বাস করি যে, আমার দল এখন অত্যন্ত নিরাপদ ও ভাল জায়গায় রয়েছে। এটা এমন এক দল, যার মধ্যে রয়েছে প্রতিভা, মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং এমন এক ভবিষ্যৎ যা দেখতে পাওয়ার ও যার অংশ হওয়ার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। আমার মনে হয় আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি। এই দলকে আমার যা দেওয়ার ছিল, তার সবটাই আমি দিয়েছি। আমি অত্যন্ত গর্বের সঙ্গে এই দায়িত্ব পালন করেছি এবং ভারতীয় মহিলা ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়ার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। এখন আমার জন্য নতুন অধ্যায় শুরু করার সময় এসে গিয়েছে।”
অধিনায়কত্ব ছাড়লেও ক্রিকেটের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হচ্ছে না, তা স্পষ্ট করে দিয়েছেন হরমনপ্রীত। তিনি লিখেছেন, “অধিনায়কত্ব হয়তো আজ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ভারতীয় ক্রিকেটের প্রতি আমার ভালবাসা কোনও দিন শেষ হবে না। প্রত্যেক সতীর্থ, কোচ, সাপোর্ট স্টাফ, ম্যানেজমেন্ট, বিসিসিআই, আমার পরিবার এবং সেই সমস্ত ভক্তদের অনেক ধন্যবাদ যাঁরা আমার ভাল-খারাপ সব সময়ে পাশে দাঁড়িয়েছেন। রক্ত। ঘাম। ত্যাগ। গর্ব। আমি আমার সবটুকু উজাড় করে দিয়েছি। এখন আমি কেবল খেলার প্রতি ভালবাসার খাতিরে আবারও মাঠে নামতে প্রস্তুত। অধিনায়ক অধ্যায়ের সমাপ্তি ঘটল। তবে যাত্রা অব্যাহত থাকবে।”ফলে ভারতীয় মহিলা ক্রিকেটে শুরু হতে চলেছে নতুন অধিনায়কত্বের অধ্যায়। হরমনপ্রীতের জায়গায় কে দায়িত্ব নেবেন, সেই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে স্মৃতি মন্ধানাই পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বলে জানা যাচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal