প্রসেনজিৎ ধর, কলকাতা :-তদন্ত সংক্রান্ত গোপন তথ্য এবং ব্যক্তিগত বিষয় সংবাদমাধ্যমে প্রকাশ্যে চলে আসছে—এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্তের নামে জিজ্ঞাসাবাদ, তল্লাশি ও তদন্তের অগ্রগতি সংক্রান্ত নানা তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় তাঁর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বলে আদালতে দাবি করেন তাঁর আইনজীবী।অভিষেকের আইনজীবীর বক্তব্য, তাঁর বিরুদ্ধে তদন্ত চললেও তদন্তকারী সংস্থার কাছে থাকা ব্যক্তিগত তথ্য বা তদন্তের গোপন বিষয় এভাবে প্রকাশ্যে আসা উচিত নয়। অভিযোগ করা হয়, তদন্তকারী সংস্থা এবং কিছু সংবাদমাধ্যমের মাধ্যমে এই তথ্য বাইরে চলে আসছে। এর ফলে একদিকে তদন্তের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়তে পারে, অন্যদিকে তাঁর ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আদালতে অভিষেকের আইনজীবী বলেন, তদন্তকারী সংস্থা কী প্রশ্ন করছে, কী তথ্য সংগ্রহ করছে, তল্লাশিতে কী পাওয়া যাচ্ছে—এই ধরনের বিষয়ও সংবাদমাধ্যমে প্রকাশ করা হচ্ছে। তাঁর দাবি, ব্যক্তিগত গোপনীয়তার অধিকার এবং মর্যাদা রক্ষায় এ ধরনের তথ্য প্রকাশের ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশিকা থাকা প্রয়োজন।অভিষেকের আইনজীবী আরও অভিযোগ করেন, তদন্ত সংক্রান্ত তথ্যের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে সংবাদমাধ্যমে প্রচার চালানো হচ্ছে। তাঁর সম্মানকে সামনে রেখে সংবাদমাধ্যমে ‘ফুটেজ’ তৈরি করা হচ্ছে বলেও আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এই ধরনের প্রকাশনা বন্ধে আদালতের হস্তক্ষেপের আবেদন জানানো হয়।তবে এই আবেদনে সরাসরি হস্তক্ষেপ করেননি কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণ রাও। বিষয়টি তাঁর বেঞ্চের এক্তিয়ারভুক্ত কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বিচারপতির বক্তব্য, পুলিশের তদন্ত সংক্রান্ত বিষয় হলে তা নিয়ে উপযুক্ত বেঞ্চে আবেদন জানানো উচিত। মামলা খারিজ না করে অভিষেকের আইনজীবীকে উপযুক্ত বেঞ্চে গিয়ে বিষয়টি মেনশন করার পরামর্শ দেন বিচারপতি। এরপরই ওই বেঞ্চে মামলাটির শুনানি আর এগোয়নি।
Hindustan TV Bangla Bengali News Portal