দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-ফের বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে। বৃহস্পতিবার দুপুরে দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা রাখা রয়েছে বলে হুমকি দিয়ে একটি ই-মেল আসার খবর সামনে এসেছে। মেল পাওয়ার পরই বিমানবন্দরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে শুরু হয় ব্যাপক তল্লাশি।
বিমানবন্দর সূত্রে খবর, হুমকি-মেল পাওয়ার সঙ্গে সঙ্গেই নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা সতর্ক হয়ে যান। বিমানবন্দরের বিভিন্ন প্রান্তে শুরু হয় চিরুণি তল্লাশি। টার্মিনাল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে খতিয়ে দেখা হচ্ছে কোনও সন্দেহজনক বস্তু পড়ে রয়েছে কি না। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কোনও বোমা বা সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। তবে নিরাপত্তার স্বার্থে তল্লাশি এখনও চলছে।একই সঙ্গে ওই হুমকি-মেলটি কোথা থেকে পাঠানো হয়েছে, তার উৎসও খতিয়ে দেখা হচ্ছে। মেলটি আদৌ সত্যি কি না, নাকি ফের ভুয়ো হুমকি দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা—তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে বলে খবর।বিমানবন্দরে এ ধরনের হুমকি অবশ্য নতুন নয়। গত কয়েক বছরে দেশের একাধিক বিমানবন্দরে পরপর বোমা রাখার হুমকি দিয়ে ই-মেল পাঠানোর ঘটনা ঘটেছে। প্রতিবারই নিরাপত্তারক্ষীরা তল্লাশি চালিয়েছেন। অধিকাংশ ক্ষেত্রেই পরে দেখা গিয়েছে, হুমকিগুলি ভুয়ো। তবে প্রতিটি ঘটনাকেই গুরুত্ব দিয়ে দেখেছে বিমানবন্দর কর্তৃপক্ষ, কারণ সামান্য অসতর্কতাও যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে বড় বিপদ ডেকে আনতে পারে।
এর আগেও কলকাতা বিমানবন্দরে একাধিকবার বোমাতঙ্কের ঘটনা ঘটেছে। গত ফেব্রুয়ারিতে একই দিনে পরপর দু’টি ঘটনায় আতঙ্ক ছড়ায়। একটি ইন্ডিগো বিমানের শৌচালয়ে লিপস্টিক দিয়ে বোমা সংক্রান্ত হুমকি-বার্তা লেখার অভিযোগ ওঠে। অন্য একটি বিমানের শৌচাগার থেকে উদ্ধার হয় হুমকি লেখা চিরকুট। তল্লাশি চালিয়েও অবশ্য কোনও বিস্ফোরক মেলেনি।
এবারও হুমকি-মেল পাওয়ার পর কোনও ঝুঁকি নিতে চাইছে না বিমানবন্দর কর্তৃপক্ষ। মেলের উৎস, প্রেরকের পরিচয় এবং হুমকির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত বিমানবন্দর চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখে তল্লাশি চালানো হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি।
Hindustan TV Bangla Bengali News Portal