প্রসেনজিৎ ধর, কলকাতা :-বৃহস্পতিবার দিল্লির উদ্দেশে রওনা দিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের আন্দোলনে যোগ দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে ইন্ডি জোটের প্রতিনিধি হিসেবে বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বিরোধীদের মেগা সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিতে পারেন বলে সূত্রের খবর।
দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে সরব হন মমতা। তাঁর দাবি, ‘‘পশ্চিমবঙ্গ থেকে ৫৪ লক্ষ নয়, ৯২ লক্ষ নাম বাদ গিয়েছে। সারা ভারতের ক্ষেত্রে আমরা কী দেখেছি, প্রতারণার সঙ্গে নির্বাচন করা হয়েছে। প্রতারণা করা হয়েছে দেশের মানুষের সঙ্গে। মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।’’
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে শুরু থেকেই সরব তৃণমূল নেত্রী। SIR সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্টেও তাঁকে সওয়াল করতে দেখা গিয়েছে। সম্প্রতি SIR নিয়ে বিতর্কের মধ্যেই ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি প্রতিবেদন প্রকাশ্যে আসার পর নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। এরপরই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে বিরোধী দলগুলি। সেই আন্দোলনেই এ বার জাতীয় স্তরে যোগ দিতে চলেছেন মমতা।
গত দু’দিন ধরে দিল্লির রাজপথে লাগাতার কর্মসূচি চালাচ্ছেন কংগ্রেস-সহ একাধিক বিরোধী দলের নেতা-কর্মীরা। পুলিশের অনুমতি ছাড়া সমাবেশ করার অভিযোগে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নামেও এফআইআর দায়ের হয়েছে। এই প্রসঙ্গে মমতা বলেন, ‘‘দিল্লি জুড়ে তো অত্যাচার চলছে। আন্দোলনকারীরা যেখানে বাধা পাবেন, সেখানেই বসে যাবেন। পুলিশ যত অত্যাচার করবে, তত গর্জন বাড়বে। তত প্রতিবাদের ভাষা বাড়বে। কোনও আন্দোলনকারীর প্রতিবাদের ভাষা এ ভাবে বন্ধ করে দেওয়া যায় না।’’
এদিকে বৃহস্পতিবার সকালে পূর্ব যাদবপুর থানা এলাকার আইনজীবী তথা সিপিএমের প্রাক্তন সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। ঘটনায় নিন্দা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, ‘‘আমি বিকাশবাবুর সঙ্গে কথা বলেছি। উনি শুধু প্রবীণ আইনজীবী নন, উনি সিপিএমের রাজ্যসভার প্রাক্তন সাংসদও। একইসঙ্গে প্রাক্তন মেয়রও। আমি ব্যক্তিগত ভাবে তাঁকে ফোন করে নিন্দা জানিয়েছি। আমি দিল্লি থেকে ফিরে তাঁর বাড়িতে যাব। আমার সঙ্গে সবিস্তারে কথা হয়েছে।’’
SIR, ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যখন জাতীয় রাজনীতিতে চাপানউতোর তুঙ্গে, তখন মমতার দিল্লি সফর এবং বিরোধীদের আন্দোলনে তাঁর যোগদান রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal