Breaking News

ভবানীপুরে পারিবারিক বিবাদের ভয়াবহ পরিণতি! প্রকাশ্যে ভাইয়ের গলায় ধারালো অস্ত্রের কোপ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে মৃত্যু, গ্রেপ্তার দাদা

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- খাস কলকাতায় ফের খুনের ঘটনায় চাঞ্চল্য। দক্ষিণ কলকাতার ভবানীপুরে নিজের ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃত যুবকের নাম সুরজ হেলা (৩২)। ঘটনার পরই অভিযুক্ত দাদা চন্দন হেলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার যতীন দাস পার্কের ভিতরে ১৯ ও ২০ নম্বর অস্থায়ী কোয়ার্টারের সামনে দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয়। মৃত সুরজের সঙ্গে তাঁর দাদা চন্দনের প্রথমে কথা কাটাকাটি হয়। পরে সেই বচসা হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, উত্তেজনার মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে ভাইয়ের উপর হামলা চালান চন্দন। সুরজের গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় বলে অভিযোগ। দুই ভাইয়ের চিৎকার ও গোলমালের শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। রক্তাক্ত অবস্থায় সুরজকে উদ্ধার করে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছিল। কিন্তু তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত মৃত্যু হয় সুরজের।ঘটনার পরই অভিযুক্ত চন্দন হেলাকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তের স্বার্থে ঘটনাস্থল থেকে অপরাধে ব্যবহৃত অস্ত্র, রক্তের নমুনা এবং মৃতের পোশাক উদ্ধার করা হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি, উদ্ধার হওয়া নমুনা ও অন্যান্য তথ্যপ্রমাণ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে ঠিক কী কারণে দুই ভাইয়ের মধ্যে এই সংঘর্ষ, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুই ভাইই অবিবাহিত ছিলেন এবং বিভিন্ন ধরনের নেশায় আসক্ত ছিলেন বলে খবর। পারিবারিক বিবাদ, নাকি অন্য কোনও কারণে এই হামলা, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে খুনের প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। ঘটনায় ভবানীপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *