দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মহালয়ার আগে দুর্গাপুজোর আবহে নতুন সাজে সেজে উঠল কলকাতার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট। ব্যস্ত রাস্তার বুকজুড়ে আঁকা হয়েছে বিশাল আকারের আলপনা। লাল-সাদা রঙের নকশায় বদলে গিয়েছে পরিচিত রাস্তার চেহারা। পুজোর আগে শহরকে আরও আকর্ষণীয় করে তুলতে কলকাতার সৌন্দর্যায়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্যোগেরই অন্যতম নজরকাড়া নিদর্শন পার্ক সার্কাসের এই আলপনা।সামাজিক মাধ্যমে আলপনার ছবি ও ভিডিও ভাগ করে নিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন, বৃষ্টির মধ্যেও নানা বাধা কাটিয়ে রাস্তায় আলপনা আঁকার কাজ সম্পন্ন হয়েছে। তাঁর কথায়, শুভ কাজের সঙ্গে সাদা-লাল রঙের আলপনার বিশেষ যোগ রয়েছে। সেভেন পয়েন্ট কানেক্টরে এত বড় আকারের আলপনা আগে কখনও আঁকা হয়নি বলেও দাবি করেছেন তিনি।এই রাস্তা দিয়ে যাতায়াতকারী মানুষকে আলপনা দেখার আবেদন জানিয়েছেন মন্ত্রী। পাশাপাশি, রাজ্য সরকারের পাশে থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। পুজোর আগে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ও এলাকাগুলিকে সাজিয়ে তোলার এই উদ্যোগে কলকাতার উৎসবের আবহ আরও জমজমাট হয়ে উঠেছে।শুধু পার্ক সার্কাস নয়, শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও চলছে সৌন্দর্যায়নের কাজ। ইতিমধ্যেই প্রিন্সেপ ঘাট থেকে রেড রোড পর্যন্ত সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পুজোর মরশুমে কলকাতার পরিচিত জায়গাগুলিকে নতুন রূপে তুলে ধরতেই এই বিশেষ আয়োজন।এদিকে, পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কেও এবার দুর্গাপুজো ঘিরে বিশেষ আকর্ষণ তৈরি হয়েছে। সাধারণত পুজোর সপ্তমী থেকে দশমী পর্যন্ত এই গুরুত্বপূর্ণ রাস্তা তুলনামূলকভাবে ফাঁকা থাকলেও, এবার প্রথমবার অ্যালেন পার্কে দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে। উদ্যোক্তা সনাতনী সংঘ। ইতিমধ্যেই সেখানে জোরকদমে চলছে প্রস্তুতি। ফলে পুজোর দিনগুলিতে অ্যালেন পার্কেও দর্শনার্থীদের ভিড় জমতে পারে বলে মনে করা হচ্ছে।
সব মিলিয়ে মহালয়ার আগেই কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ জায়গা নতুন সাজে সেজে উঠছে। রাস্তার বুকে বিশাল আলপনা থেকে শুরু করে নতুন পুজোর আয়োজন—সব মিলিয়ে দুর্গোৎসবের আগে তিলোত্তমার উৎসবের রং ক্রমশ গাঢ় হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal