Breaking News

রাজধানীর পর এবার মহানগরীতে ‘জ্ঞানেশ হটাও’ স্লোগান! রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত প্রতিবাদ মিছিল, পা মেলাতে পারেন মমতা

প্রসেনজিৎ ধর, কলকাতা :-দিল্লির পর এবার কলকাতার রাজপথে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দেবীপক্ষের তৃতীয়ার দিন দুপুর ২টোয় রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে শাসকদল। তৃণমূলের প্রকাশিত প্রচারপত্রে এই কর্মসূচিকে ‘বিপুল প্রতিবাদ মিছিল’ বলে উল্লেখ করা হয়েছে। তবে মিছিলের অনুমতি নিয়ে কলকাতা পুলিশের চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়, তা ঘিরে তৈরি হয়েছে জল্পনা। কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে।তৃণমূলের প্রচারপত্রে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা ও গ্রেফতারের দাবিও জানানো হয়েছে। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ আটক করার প্রতিবাদে এবং নতুন প্রজন্ম-সহ বিরোধীদের উপর দমনপীড়নের অভিযোগ তুলে সরব হওয়ার কথা জানিয়েছে দল।
মঙ্গলবারের মিছিলকে সফল করতে সোমবার থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় প্রচার শুরু করেছেন তৃণমূল নেতা-কর্মীরা। দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি ছাত্র, যুব, মহিলা ও শ্রমিক সংগঠনের সদস্যদেরও মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে এই কর্মসূচিতে কতটা জমায়েত হয়, তার পাশাপাশি মিছিলের রুট ও প্রশাসনিক অনুমতি নিয়েও নজর রয়েছে রাজনৈতিক মহলের।দেবীপক্ষ শুরু হতেই কলকাতায় দুর্গাপুজোর উদ্বোধন ও উৎসবের প্রস্তুতি ঘিরে ব্যস্ততা বেড়েছে। শহরের বিভিন্ন প্রান্তে বাড়ছে মানুষের আনাগোনা। এই পরিস্থিতিতে দুপুরের ব্যস্ত সময়ে রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল হলে যান চলাচলে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। রাজাবাজার, সিআইটি রোড ও পার্ক সার্কাস সংলগ্ন এলাকায় পুজোর আগে যানবাহনের চাপ সামলাতে পুলিশকে বিশেষ ব্যবস্থা নিতে হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে মিছিলের অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। অনুমতি না মিললে তৃণমূলের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেও নজর থাকবে।
অন্যদিকে, সোমবার দিল্লির কর্মসূচিতে যোগ দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার কলকাতার মিছিলে উপস্থিত থাকতে পারবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। যদিও তৃণমূল নেতৃত্বের তরফে কর্মসূচি ঘিরে প্রস্তুতি জারি রাখা হয়েছে।
মিছিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তী। তিনি বলেন, ‘‘পুলিশ মিছিলের অনুমতি দেবে কি না, তা আমাদের জানা নেই। আমরা সে বিষয়ে কোনও কথা বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, প্রতিবাদ মিছিল হবেই। আমাদের নেত্রী সেই মিছিলে থাকবেন।’’তৃণমূলের এই কর্মসূচি নিয়ে কটাক্ষ করেছে বিজেপিও। উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষ বলেন, ‘‘তৃণমূল এখন অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। ওরা কোথায় কী করল, না-করল, তা নিয়ে কলকাতাবাসী বা রাজ্যবাসীর কোনও আগ্রহ নেই। এমন একটি অপ্রাসঙ্গিক রাজনৈতিক দলকে নিয়ে আমরা ভাবতে বা কথা বলতে নারাজ।’’
দিল্লির কর্মসূচির পর কলকাতায় এই প্রতিবাদ মিছিলকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। দুর্গাপুজোর আবহে শেষ পর্যন্ত মিছিলের অনুমতি মেলে কি না, কতটা জমায়েত হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকেন কি না, এখন সে দিকেই নজর রাজনৈতিক মহলের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *