দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রাজ্যের প্রশাসনিক মহলে ফের বড়সড় রদবদল। সোমবার নবান্নের তরফে জারি করা নির্দেশিকায় চার জন আইএএস আধিকারিকের দায়িত্বে পরিবর্তনের কথা জানানো হয়েছে। কৃষি, প্রাণী সম্পদ, সুন্দরবন বিষয়ক এবং আদিবাসী উন্নয়ন দফতর-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে আধিকারিকদের। পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদেও পরিবর্তন আনা হয়েছে।
নবান্নের নির্দেশিকা অনুযায়ী, এতদিন রাজ্যের কৃষি দফতরের সচিব পদে দায়িত্ব সামলাচ্ছিলেন আইএএস ওঙ্কার সিং মীনা। তাঁকে এবার প্রাণী সম্পদ দফতরের সচিব পদে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে, সুন্দরবন বিষয়ক দফতরের সচিব পদে কর্মরত আইএএস মুক্তা আর্যকে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
সুন্দরবন বিষয়ক দফতরের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আইএএস শশাঙ্ক শেঠি। এর আগে তিনি নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল পদে কর্মরত ছিলেন। অন্যদিকে, আইএএস অরবিন্দ কুমার মীনাকে আদিবাসী উন্নয়ন দফতরের সচিব পদে নিয়োগ করা হয়েছে। এর আগে তিনি সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের সচিব পদে দায়িত্ব সামলাচ্ছিলেন।সোমবার জারি করা বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট আধিকারিকদের নতুন দায়িত্বভার গ্রহণের প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে। দুর্গাপুজোর আগে প্রশাসনিক স্তরে এই রদবদলকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই প্রশাসনিক স্তরে একাধিক পরিবর্তন হয়েছে। নতুন সরকারের লক্ষ্য সরকারি কাজে গতি আনা এবং উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও প্রশাসনিক কাজকর্মে গতি আনার উপর গুরুত্ব দিয়েছেন। সেই প্রেক্ষাপটে একাধিক গুরুত্বপূর্ণ দফতরে সচিব পর্যায়ে এই রদবদল প্রশাসনিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।
Hindustan TV Bangla Bengali News Portal