Breaking News

পুজোর আগে বড় স্বস্তি সব্যসাচী দত্তের! তোলাবাজির মামলায় চার মাস পর অন্তর্বর্তী জামিন

প্রসেনজিৎ ধর, কলকাতা :-পুজোর মুখে বড় স্বস্তি পেলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের বেঞ্চ শর্তসাপেক্ষে তাঁর অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর করেছে। ২০১৮ সালের একটি তোলাবাজির মামলায় প্রায় চার মাস আগে গ্রেফতার হয়েছিলেন বিধাননগরের প্রাক্তন মেয়র। তদন্তে সহযোগিতা করার শর্তেই তাঁকে জামিন দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। এক ব্যবসায়ীর কাছ থেকে এক কোটি টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল সব্যসাচীর বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, লোক পাঠিয়ে তাঁর কাছে টাকা চাওয়া হয়েছিল। তবে দাবিমতো টাকা দিতে না পেরে তিনি ২ লক্ষ ৩০ হাজার টাকা পাঠিয়েছিলেন বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গত ৮ জুন সব্যসাচীকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। তদন্তের প্রয়োজনে তৃণমূল নেতার একাধিক ঠিকানায় তল্লাশিও চালান তদন্তকারীরা।গ্রেফতারির ৫৭ দিনের মাথায়, গত ৫ অগস্ট বারাসত আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। এই মামলার তদন্তের সূত্র ধরে সব্যসাচীর রাজারহাটের বাড়ি ও ফ্ল্যাটেও পৌঁছন তদন্তকারীরা। পাশাপাশি, তাঁর ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী তথা নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার পৈতৃক বাড়িতেও তল্লাশি চালানো হয়। করিমপুরে ওই নেত্রীর বাড়িতে রাতভর তল্লাশির পর প্রায় তিন কেজি সোনার গয়না উদ্ধার করা হয়েছিল বলে পুলিশ সূত্রে দাবি। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকা। পুলিশের জমা দেওয়া চার্জশিটেও এই সোনা উদ্ধারের বিষয়টি উল্লেখ করা হয়েছিল।
পরবর্তী সময়ে এই মামলার সূত্র ধরে তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিধাননগর উত্তর থানায় দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে গত ২৩ জুন আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের অধীনে ইসিআইআর দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। সেই মামলাতেই এ বার শর্তসাপেক্ষে অন্তর্বর্তিকালীন জামিন পেলেন সব্যসাচী দত্ত। পুজোর আগে হাই কোর্টের এই নির্দেশে স্বস্তি পেলেন তৃণমূল নেতা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *