Breaking News

শ্রীভূমিতে পুজোর ধুমধাম, জেলেই কাটবে সুজিত বসুর দুর্গোৎসব? জামিনের আবেদন খারিজ হাইকোর্টে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পুজোর মুখে স্বস্তি মিলল না রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর। মঙ্গলবার কলকাতা হাই কোর্ট তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই নির্দেশের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত জেলেই থাকতে হচ্ছে তৃণমূল নেতাকে। ফলে এবারের দুর্গাপুজোয় তিনি আদৌ লেকটাউনের বাড়িতে ফিরতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সুজিত বসুর নাম উঠে আসে। তদন্তকারীদের দাবি, এই দুর্নীতির অন্যতম অভিযুক্ত অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সেই সূত্র ধরেই তৎকালীন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান সুজিত বসু তদন্তকারীদের নজরে আসেন। এর আগে তাঁকে একাধিকবার তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁর বাড়ি ও অফিসেও তল্লাশি চালান তদন্তকারীরা। সুজিত-পুত্র সমুদ্র বসুকেও জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীদের নজরে রাখা হয় বলে সূত্রের খবর।গত ১১ মে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিতে যান সুজিত বসু। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। সেই থেকে জেল হেফাজতে রয়েছেন তিনি। তদন্তকারীদের অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগের ক্ষেত্রে শতাধিক প্রার্থীর নাম সুপারিশ করেছিলেন সুজিত। তাঁদের মধ্যে বেশ কয়েকজন বাদে বাকিরা চাকরি পেয়েছিলেন বলে দাবি তদন্তকারীদের। নিয়োগের বিনিময়ে বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগও খতিয়ে দেখছেন তাঁরা।এদিকে, সুজিত বসুর সঙ্গে শ্রীভূমির দুর্গাপুজোর সম্পর্ক দীর্ঘদিনের। প্রতি বছর মহালয়া থেকেই এই পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করে। পুজোর আয়োজন থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থাপনার তদারকিতে সক্রিয় ভূমিকা পালন করতেন সুজিত নিজেই। কিন্তু এবারের ছবিটা আলাদা। তাঁর অনুপস্থিতিতে শ্রীভূমিতে নতুন পুজো কমিটি গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমাতেই পুজোর উদ্বোধন করেছেন বলে জানা গিয়েছে।পুজোর আবহে শ্রীভূমিতে উৎসবের প্রস্তুতি চললেও, জামিনের আবেদন খারিজ হওয়ায় সুজিত বসুর বাড়ি ফেরার সম্ভাবনা আপাতত অনিশ্চিত। ফলে জেলেই কাটবে কি প্রাক্তন মন্ত্রীর এবারের দুর্গোৎসব? সেই প্রশ্নই এখন ঘুরছে রাজনৈতিক মহলে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *