Breaking News

মহুয়া মৈত্রের নিরাপত্তা মামলায় বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের, ২৪ ঘণ্টার মধ্যে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রককে যুক্ত করার নির্দেশ!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের নিরাপত্তা সংক্রান্ত মামলায় নতুন নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এবার এই মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে যুক্ত করার নির্দেশ দিল আদালত। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, বৃহস্পতিবারের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রককে মামলার পক্ষ করতে হবে। আদালতের আগের নির্দেশ সত্ত্বেও মহুয়া মৈত্র সব সময় ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বা পিএসও পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
মহুয়া মৈত্রের নিরাপত্তা নিয়ে আগেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁর আইনজীবীরা। অভিযোগ ছিল, নিজের সংসদীয় কেন্দ্রে গেলে একাধিকবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে সাংসদকে। কখনও তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, কখনও স্লোগান দেওয়া হয়েছে। এমনকি আলু ও পাথর ছোড়ার অভিযোগও তুলেছিলেন মহুয়া। এই পরিস্থিতিতে তাঁর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়।জানা গিয়েছে, মহুয়া মৈত্রকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার কথা রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, তিনি যখনই নিজের সংসদীয় এলাকায় যাবেন, তখন তাঁর সঙ্গে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী থাকার কথা। কিন্তু বুধবার আদালতে মহুয়ার আইনজীবী অর্ক নাগ অভিযোগ করেন, কাগজে-কলমে পিএসও দেওয়ার ব্যবস্থা থাকলেও বাস্তবে সব সময় তাঁর সঙ্গে নিরাপত্তারক্ষী থাকছেন না। এই বিষয়ে আদালতে হলফনামাও জমা দেওয়া হয়েছে। বিষয়টি শুনে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, নিরাপত্তা সংক্রান্ত এই অভিযোগ আদালতকে জানাতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট পিএসও পরিবর্তনের বিষয়টিও বিবেচনা করতে হবে। মামলার গুরুত্ব বিবেচনা করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে যুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য, নিজের সংসদীয় এলাকায় একাধিকবার বিক্ষোভের মুখে পড়ার অভিযোগ তুলেছিলেন মহুয়া মৈত্র। নদিয়ার চাপড়ায় তৃণমূল কংগ্রেসের একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়েও তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। একদল বিক্ষোভকারী তাঁর গাড়ি ঘিরে ধরেন। গাড়ির সামনে কালো পতাকা হাতে শুয়ে পড়ে পথ অবরোধের চেষ্টাও করা হয় বলে অভিযোগ ওঠে। এরপরই নিরাপত্তার দাবিতে আদালতের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ।এবার মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে যুক্ত করার নির্দেশের পর মহুয়া মৈত্রের নিরাপত্তা নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *