প্রসেনজিৎ ধর :- কথা দিয়েছিলেন, নির্বাচনী আচরণবিধি উঠে গেলেই যথাসাধ্য পাশে দাঁড়াবেন। সেই প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেজিনগর বিধানসভার উপনির্বাচনের প্রচার চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো ছোট্ট জেসমিনা খাতুনের পরিবারের হাতে তুলে দেওয়া হল ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্য। পাশাপাশি, শিশুটির বাবার হাতে তুলে দেওয়া হয়েছে সিভিক ভলান্টিয়ারের চাকরির নিয়োগপত্র। বৃহস্পতিবার রাজ্য সরকারের পক্ষ থেকে এই সাহায্য প্রদান করা হয়।
সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, গত ১ অক্টোবর তিনি জেসমিনার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন। শিশুটির বাবা দুলাল মল্লিকের কাছ থেকে সেই দিনের হৃদয়বিদারক ঘটনার বিবরণ শোনেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, পরিবারের এই অপূরণীয় ক্ষতি কোনওভাবেই পূরণ করা সম্ভব নয়। তবে এমন কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়ানো সরকারের কর্তব্য। সেই দায়িত্ববোধ থেকেই রাজ্য সরকারের পক্ষ থেকে জেসমিনার মায়ের হাতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্য এবং তাঁর বাবার হাতে সিভিক ভলান্টিয়ারের চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। এই কঠিন সময়ে রাজ্য সরকার পরিবারের পাশে রয়েছে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।উল্লেখ্য, রেজিনগরে উপনির্বাচনের প্রচার চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় ছোট্ট জেসমিনা। অভিযোগ, ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’-এর প্রচার গাড়ি থেকে শিশুদের উদ্দেশে চকোলেট ছুড়ে দেওয়া হচ্ছিল। মাইকের আওয়াজ ও চকোলেটের আকর্ষণে সেখানে ছুটে যায় শিশুরা। সেই সময় চকোলেট কুড়োতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে পড়ে গুরুতর আঘাত পায় জেসমিনা। প্রথমে তাকে বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য কলকাতার এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় ছোট্ট জেসমিনার।
ঘটনার পর উপনির্বাচনের আগে মুর্শিদাবাদে দলীয় জনসভায় যোগ দিতে যাওয়ার পথে সরাসরি রেজিনগরে জেসমিনার বাড়িতে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। শোকস্তব্ধ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। দুর্ঘটনার বিবরণ শোনার পাশাপাশি পরিবারকে পাশে থাকার আশ্বাসও দিয়েছিলেন। নির্বাচনী আচরণবিধি উঠে যাওয়ার পর আর্থিক সাহায্য ও চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার মাধ্যমে সেই প্রতিশ্রুতি পালন করল রাজ্য সরকার।
Hindustan TV Bangla Bengali News Portal