Breaking News

চিংড়িঘাটা উড়ালপুলে দুর্ঘটনার নেপথ্যে রং নয়, রিল বানাতে গিয়েই বিপত্তি? কী জানালেন কলকাতার পুলিশ কমিশনার!

নিজস্ব সংবাদদাতা :- দুর্গাপুজোর আগে নতুন রঙে সেজে উঠেছে কলকাতার একাধিক রাস্তা ও উড়ালপুল। কিন্তু বৃষ্টির মধ্যে চিংড়িঘাটা উড়ালপুলে পর পর বাইক পিছলে পড়ার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক। রাস্তার রং করার কারণেই কি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা? এই প্রশ্নের মুখে পড়ে রাস্তার রংকে দায়ী করতে নারাজ কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। তাঁর দাবি, বিশেষজ্ঞ ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, উড়ালপুলে ব্যবহৃত রং পিছলরোধী। ফলে শুধুমাত্র রঙের কারণেই বাইক দুর্ঘটনা ঘটেছে, এমন কোনও প্রমাণ এখনও মেলেনি।
পুজোর আগে চিংড়িঘাটা উড়ালপুলকে রামধনুর রঙে সাজিয়ে তোলা হয়েছে। বুধবার বৃষ্টির মধ্যে ওই উড়ালপুলে পর পর বাইক পিছলে পড়ার ঘটনা ক্যামেরাবন্দি হয়। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই অনেকেই অভিযোগ করেন, রাস্তার রং বৃষ্টির জলে আরও পিছল হয়ে যাওয়ায় বাইক চালকদের বিপদের মুখে পড়তে হচ্ছে। তবে কলকাতার পুলিশ কমিশনারের বক্তব্য, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। বাইক চালানোর সময় ভিডিয়ো বা রিল তৈরির চেষ্টা থেকেও চালকরা ভারসাম্য হারাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।সিপি অজয় নন্দা বলেন, ইঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, উড়ালপুলে যে রং ব্যবহার করা হয়েছে, তা পিছলরোধী। শুধুমাত্র রঙের জন্যই মোটরসাইকেলগুলি পড়ে গিয়েছে, এমন কোনও প্রমাণ নেই। বৃষ্টির সময় বাইক চালানোর পাশাপাশি রিল তৈরির চেষ্টা থেকেও দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, উড়ালপুলে ‘ক্যাটস আই’ এবং ‘গো স্লো’ চিহ্ন বসানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
কলকাতার পুলিশ কমিশনারের মতে, যে সমস্ত উড়ালপুলে তীক্ষ্ণ বাঁক রয়েছে, সেখানে বৃষ্টির পর দুর্ঘটনার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি হতে পারে। তাই ওই অংশগুলিতে গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিরাপত্তার স্বার্থে বৃষ্টির সময় বাঁকযুক্ত উড়ালপুলগুলিতে দু’চাকার যান চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে গড়িয়াহাট সেতুতে এমন কোনও ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন সিপি। কারণ, ওই সেতুতে তীক্ষ্ণ বাঁক নেই।বৃহস্পতিবার লালবাজারে কলকাতা পুলিশের বিশেষ উদ্যোগ ‘বন্ধু কলকাতা’র সূচনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পুলিশ কমিশনার অজয় নন্দা। পুজোর মরসুমে হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পেতে সাহায্য করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সেই অনুষ্ঠানেই সাংবাদিকদের প্রশ্নের মুখে চিংড়িঘাটা উড়ালপুলে বাইক দুর্ঘটনা এবং বৃষ্টির সময় যান চলাচলের নিরাপত্তা নিয়ে পুলিশের অবস্থান স্পষ্ট করেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *