প্রসেনজিৎ ধর :-আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় বড়সড় আইনি স্বস্তি পেলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে। বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের আগের নির্দেশ খারিজ করে এই রায় দেয়।
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত চলাকালীনই সামনে এসেছিল আর্থিক অনিয়মের অভিযোগ। হাসপাতালের সরকারি অর্থের লেনদেন এবং বিভিন্ন ঠিকাদারকে টাকা দেওয়ার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই আর্থিক অনিয়মের মামলাতেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হন সন্দীপ ঘোষ। পরে তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিবিআইয়ের কলকাতা দুর্নীতি দমন শাখা ২০২৪ সালের ২৪ অগস্ট এই ঘটনায় মামলা রুজু করে। পরবর্তী সময়ে ‘স্পেশাল কেস নম্বর ১/২০২৫’-এর অধীনে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়। ভারতীয় দণ্ডবিধির ১২০বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, ৪০৯ ধারায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, ৪২০ ধারায় প্রতারণা এবং ৪৬৮ ও ৪৭১ ধারায় জালিয়াতি ও জাল নথি ব্যবহারের মতো অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে।এর আগে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন সন্দীপ ঘোষ। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অত্যন্ত গুরুতর এবং এর সঙ্গে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার বিষয়টি সরাসরি জড়িত। পাশাপাশি, সন্দীপ ঘোষ প্রভাবশালী ব্যক্তি হওয়ায় জামিন পেলে সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কাও প্রকাশ করেছিল আদালত।
হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সন্দীপ ঘোষের আইনজীবীরা। গত ১৮ অগস্ট শীর্ষ আদালতে আবেদন করা হয়। দুই পক্ষের বক্তব্য শোনার পর শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। এই রায়ের ফলে আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় দীর্ঘ আইনি লড়াইয়ের মধ্যে আপাতত স্বস্তি পেলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ |
Hindustan TV Bangla Bengali News Portal