Breaking News

‘আইনের চোখে সবাই সমান’, সিপিএমের বুকস্টল মামলায় বড় নির্দেশ হাইকোর্টের, পুলিশের অনুমতি ছাড়া স্টল নয়!

নিজস্ব সংবাদদাতা :-বনগাঁয় সিপিএমের বুকস্টল ঘিরে আইনি জটিলতা আরও বাড়ল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ বুকস্টল করার অনুমতি দিয়েছিল। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। শুক্রবার একক বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পুলিশের অনুমতি ছাড়া কেউই রাস্তার ধারে টেবিল ও ছাতা পেতেও স্টল করতে পারবেন না। আগামী ২১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।শুক্রবার মামলার শুনানিতে অনুমতির বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। তিনি জানতে চান, স্টল করার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল কি না। আবেদন করা হয়ে থাকলে সেই নথি আদালতে পেশ করার নির্দেশ দেন তিনি। সিপিএমের আইনজীবী শামিম আহমেদ জানান, বুকস্টলের অনুমতি চেয়ে পূর্ত দফতর (পিডব্লিউডি) এবং হাইওয়ে কর্তৃপক্ষকে ই-মেল করা হয়েছিল। এরপরই প্রধান বিচারপতি প্রশ্ন করেন, পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল কি না।
শুনানিতে রাস্তার ধারে থাকা অন্যান্য স্টলের প্রসঙ্গও ওঠে। প্রধান বিচারপতি জানতে চান, সিপিএমের বুকস্টলটি কোথায় রয়েছে এবং তা রাস্তার উপরে কি না। উত্তরে শামিম আহমেদ জানান, দলের কার্যালয়ের সামনেই বুকস্টলটি রয়েছে। অন্য স্টলগুলির সঙ্গে একই লাইনে তা বসানো হয়েছে বলেও আদালতে দাবি করেন মামলাকারীর আইনজীবী।পাল্টা সওয়ালে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য জানান, রাস্তার ধারে থাকা অন্য স্টলগুলির বৈধ অনুমতি রয়েছে কি না, তা তাঁর জানা নেই। এরপরই প্রধান বিচারপতি বলেন, আইনের চোখে সকলের সমান অধিকার থাকা প্রয়োজন। অনুমতি না থাকলে রাস্তার ধারের সব স্টলই সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হবে বলেও জানান তিনি।
এ দিন সিপিএমের তরফে আদালতে আবেদন জানানো হয়, দুর্গাপুজোর কয়েকটি দিন অন্তত বুকস্টল চালানোর অনুমতি দেওয়া হোক। কোনও মাইক বা মাইক্রোফোন ব্যবহার করা হবে না বলেও জানানো হয়। পরে দলের আইনজীবী বিকল্প প্রস্তাব দিয়ে বলেন, পার্টি অফিসের সামনে পাঁচ ফুট লম্বা একটি টেবিল পেতে বুকস্টল করার অনুমতি দেওয়া হোক। ছাউনির প্রয়োজন নেই, শুধু টেবিল ও ছাতা ব্যবহার করেই স্টল চালানো হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *