Breaking News

পুজোয় বাংলায় অমিত শাহ, সপ্তমীতে বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি, শ্রীভূমিতেও যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-দুর্গাপুজোর আবহে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সপ্তমীর দিন শহরের একাধিক পুজো মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি বেলুড় মঠ এবং উত্তর কলকাতার ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়িতে যাওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। শ্রীভূমির দুর্গাপুজোতেও যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সফর ঘিরে ইতিমধ্যেই শোভাবাজার রাজবাড়িতে প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে।শনিবার সন্ধ্যায় আহমেদাবাদ থেকে বিমানে কলকাতায় পৌঁছনোর কথা অমিত শাহের। এরপর আলিপুরের সৌজন্য অতিথিশালায় তাঁর রাত্রিবাসের ব্যবস্থা রয়েছে। রবিবার সকাল থেকেই একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বেলুড় মঠ দর্শনের পাশাপাশি শহরের বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখার কথা তাঁর। সেই তালিকায় রয়েছে শোভাবাজার রাজবাড়ি ও শ্রীভূমির দুর্গাপুজো। এবছর ২৭০ বছরে পা দিয়েছে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো। দীর্ঘদিনের রীতি ও পরম্পরা মেনেই চলছে দেবী দুর্গার আরাধনা। সপ্তমীর সকাল থেকেই রাজবাড়ির অন্দরমহলে পুজোপাঠ, অঞ্জলি-সহ নানা আচার-অনুষ্ঠান ঘিরে ব্যস্ততা। প্রথা মেনে আয়োজন করা হচ্ছে চালকুমড়ো বলিরও। সাধারণ দর্শনার্থীদের জন্যও রাজবাড়ির প্রাঙ্গণে প্রতিমা দর্শনের সুযোগ রয়েছে।তবে এ বারের সপ্তমী রাজবাড়ির সদস্যদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, পুজো দেখতে সেখানে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাঁর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। দুই বিশিষ্ট অতিথির আগমন ঘিরে রাজবাড়িতে উৎসাহের পাশাপাশি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।সফরকে কেন্দ্র করে রাজবাড়ি চত্বরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। ভিভিআইপি অতিথিদের নিরাপত্তার কথা মাথায় রেখে কড়া পুলিশি নজরদারির ব্যবস্থা করা হচ্ছে বলে সূত্রের খবর।শোভাবাজার রাজপরিবারের সদস্য দেবরাজ মিত্র জানান, অতিথিদের স্বাগত জানাতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “সব নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কীভাবে ওঁকে অভ্যর্থনা দেব, সব প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। আমরা খুব খুশি। শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকছেন।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *