নিজস্ব সংবাদদাতা :- সপ্তমীর সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ও প্রশাসন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতদের কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিকিৎসক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন তিনি।
প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে মুখ্যমন্ত্রী জানান, পুজো কমিটির তরফে মাইকে একটি ঘোষণা করার পরই দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয় বলে জানা গিয়েছে। এর পর বেসরকারি নিরাপত্তারক্ষীদের বাঁশির আওয়াজ পরিস্থিতি আরও জটিল করে তোলে বলে অভিযোগ। তবে ঠিক কী ঘোষণা করা হয়েছিল, নিরাপত্তারক্ষীরা কেন বাঁশি বাজিয়েছিলেন এবং কীভাবে মুহূর্তের মধ্যে ভিড়ের মধ্যে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।মুখ্যমন্ত্রী জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ফ্যাক্ট ফাইন্ডিং করা হবে।চোরবাগানের পুজো আপাতত বন্ধ রাখা হয়েছে। ঘটনাস্থল ফরেন্সিক বিশেষজ্ঞ ও দমকল বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তাঁর বক্তব্য, তদন্ত শেষ হওয়ার আগে দুর্ঘটনার কারণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আহতদের যথাযথ চিকিৎসার আশ্বাসও দিয়েছেন তিনি।
দুর্ঘটনার পরেই পদক্ষেপ করেছে প্রশাসন। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে পুজো কমিটির কর্তৃপক্ষ, বেসরকারি নিরাপত্তারক্ষী এবং ঘটনার সময় দায়িত্বে থাকা কয়েকজনকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পাশাপাশি দ্রুত হেল্পলাইন চালু করেছে নবান্ন। শহরের অন্যান্য পুজো কমিটিগুলিকেও ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।চোরবাগানের ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যমে তিনি লেখেন, কলকাতায় পদপিষ্টের ঘটনা অত্যন্ত দুঃখজনক। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হচ্ছে বলেও জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর।এই দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রবিবারের সমস্ত কর্মসূচি। শনিবার বৃষ্টির মধ্যেই কলকাতায় পৌঁছেছিলেন তিনি। রবিবার বেলুড় মঠ, বালির দেশবন্ধু ক্লাব, চেতলা, শোভাবাজার রাজবাড়ি এবং শ্রীভূমিতে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু চোরবাগানের ঘটনার পর সেই কর্মসূচি বাতিল করা হয়েছে। আহতদের দেখতে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তাঁর সম্ভাব্য সফরের সময় এখনও জানা যায়নি।
এদিকে, দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে কলকাতার একাধিক নামী দুর্গাপুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। চেতলা অগ্রণী, আলিপুর সর্বজনীন ত্রিধারা সম্মিলনী এবং টালা প্রত্যয়ের মতো পুজোমণ্ডপে প্রবেশ নিষেধ রাখা হয় |অ্যালেন পার্কের সমস্ত শো বাতিল করা হয় |চোরবাগানের মর্মান্তিক ঘটনার পর শহরের পুজোমণ্ডপগুলিতে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Hindustan TV Bangla Bengali News Portal