দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দশমীর সন্ধ্যায় নিউটাউনের বিশ্ব বাংলা গেটের ঝুলন্ত রেস্তরাঁয় অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে ছড়াল তীব্র আতঙ্ক। আচমকাই রেস্তরাঁর নিচের অংশ থেকে আগুন ও কালো ধোঁয়া বেরতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। পুলিশ ও দমকলের তৎপরতায় রেস্তরাঁয় থাকা কর্মী-সহ প্রায় ৫০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। তবে কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। ঘটনার তদন্তের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিকিউরিটি অডিটের নির্দেশ দেওয়া হয়েছে। নিউটাউন-রাজারহাটের অন্যতম আকর্ষণ বিশ্ব বাংলা গেটের এই ঝুলন্ত রেস্তরাঁয় দুর্গাপুজোর দিনগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। দশমীর দিনও সকাল থেকে সেখানে বহু মানুষের আনাগোনা ছিল। এর মধ্যেই সন্ধ্যায় আচমকা রেস্তরাঁর নিচের দিকে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই রেস্তরাঁয় থাকা মানুষজনের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। পুলিশ ও দমকলকর্মীদের তৎপরতায় ভিতরে থাকা সকলকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। এরপর আগুনও নিয়ন্ত্রণে আসে।এই অগ্নিকাণ্ডের বিষয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার রাঠোর অমিত কুমার জানান, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে। দমকল ও পুলিশের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পরেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গোটা ব্যবস্থার সিকিউরিটি অডিট করানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। অগ্নিকাণ্ডের জেরে বেশ কিছুক্ষণ ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। তৈরি হয় যানজটও। যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানা গিয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal