প্রসেনজিৎ ধর, কলকাতা :- দুর্গাপুজোর রাত বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতায় ট্রাফিক আইন ভাঙার অভিযোগও বাড়ছে। বেপরোয়া গাড়ি চালানো থেকে শুরু করে বাইকে তিন জনের যাতায়াত, মত্ত অবস্থায় গাড়ি চালানো—একাধিক ক্ষেত্রে কড়া পদক্ষেপ করছে কলকাতা পুলিশ। পুজোর ভিড় সামাল দিতে শহরের বিভিন্ন রাস্তায় বাড়ানো হয়েছে নজরদারি। পঞ্চমীর রাত থেকে শুরু হওয়া ধরপাকড় ষষ্ঠীতেও অব্যাহত ছিল। কলকাতা পুলিশের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ষষ্ঠীর রাতে শহরে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে মোট ৪১০টি মামলা হয়েছে। গ্রেফতার হয়েছেন ৬৫ জন।লালবাজারের প্রকাশিত তথ্য অনুযায়ী, ষষ্ঠীর রাতে ৮৫টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। বাইকে তিন জন সওয়ারি নিয়ে যাতায়াতের অভিযোগে মামলা হয়েছে ১৮৯ জনের বিরুদ্ধে। বেপরোয়া ভাবে গাড়ি বা বাইক চালানোর অভিযোগে ৬৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অন্যদিকে, মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ৬১ জনের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। এ ছাড়াও অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় ৯৫টি মামলা দায়ের হয়েছে।তবে নজর কেড়েছে হেলমেট সংক্রান্ত পরিসংখ্যান। কলকাতা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ষষ্ঠীর রাতে হেলমেট না পরে বাইক চালানোর অভিযোগে কোনও মামলা হয়নি। অর্থাৎ, এই বিভাগে মামলার সংখ্যা শূন্য। পাশাপাশি, ট্রাফিক আইন ভাঙার ঘটনায় ২.৪ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে। পঞ্চমীর রাতের তুলনায় ষষ্ঠীতে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা বেড়েছে। পুলিশের পরিসংখ্যান বলছে, পঞ্চমীর রাতে মোট ৩৩৪টি মামলা হয়েছিল এবং গ্রেফতার হয়েছিলেন ২৮ জন। সেখানে ষষ্ঠীর রাতে মামলার সংখ্যা বেড়ে হয়েছে ৪১০ এবং গ্রেফতারির সংখ্যা দাঁড়িয়েছে ৬৫। পুজোর রাতে শহরের রাস্তায় নিরাপত্তা বজায় রাখতে এবং দুর্ঘটনা এড়াতে কলকাতা পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal