Breaking News

চোরবাগান কাণ্ডে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৬ সদস্যের SIT গঠন রাজ্যের, তিন মাসের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করল রাজ্য সরকার। কলকাতা হাই কোর্টের সঙ্গে পরামর্শ করেই এই তদন্তকারী দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে ছয় সদস্যের এই কমিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে। কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল, জননিরাপত্তার ক্ষেত্রে কোথাও কোনও গাফিলতি ছিল কি না এবং ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা কতটা কার্যকর ছিল, তা খতিয়ে দেখবে তদন্তকারী দল। বুধবার এই বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দেওয়া হয়। কলকাতা হাইকোর্ট আগেই জানিয়েছিল, এই ধরনের তদন্ত কমিটির নেতৃত্বে কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিকে রাখা যেতে পারে। সেই নির্দেশ মেনেই কমিটি গঠনের পথে হাঁটল রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ছয় সদস্যের এই কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি ছাড়াও থাকবেন রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের ডিজি ও আইজি, রাজ্য পুলিশের ডিজির প্রতিনিধি, স্বরাষ্ট্র দফতরের প্রতিনিধি, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য এবং বিপর্যয় মোকাবিলা ও নাগরিক সুরক্ষা দফতরের সচিব।উল্লেখ্য, সপ্তমীর দিন উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন পুজো মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনায় একাধিক মানুষের মৃত্যুর অভিযোগ সামনে আসে। ওই ঘটনায় ঠিক কী কারণে এত বড় বিপর্যয় ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফেও পৃথক বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় পুজো কমিটির সম্পাদক ও সহ-সভাপতি, বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মী-সহ মোট সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।এদিকে, ঘটনার তদন্তে কর্মরত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠনের উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। সেই মর্মে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের কাছে চিঠি পাঠান। তবে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নির্দেশের কথা উল্লেখ করে কর্মরত বিচারপতিকে এই কমিটিতে রাখা সম্ভব নয় বলে জানিয়ে দেয় হাইকোর্ট। এরপরই অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এখন তদন্তে দুর্ঘটনার প্রকৃত কারণ, নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি এবং ভিড় নিয়ন্ত্রণে সম্ভাব্য গাফিলতির বিষয়গুলি কতটা উঠে আসে, সেদিকেই নজর থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *