প্রসেনজিৎ ধর, কলকাতা :-ভরদুপুরে আচমকাই বিকট শব্দ পরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আর তার পরেই দাউদাউ করে জ্বলে উঠল একের পর এক ঝুপড়ি। শুক্রবার দুপুরে নিউটাউনের সিটি সেন্টার ২ সংলগ্ন মাঠপাড়া এলাকার এই ঘটনায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কার্যত হুড়োহুড়ি শুরু হয়ে যায় এলাকায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকলকর্মীরা। স্থানীয় সূত্রে খবর, দুপুর সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে। প্রায় ২০ থেকে ২৫টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি ও ইকো পার্ক থানার পুলিশ। আগুন লাগার খবর পেয়ে সেখানে যান রাজারহাট-নিউটাউনের বিধায়ক পীযূষ কানোরিয়াও। দমকলকর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নেন তিনি। বিধায়ককে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এই এলাকায় আগুন লাগার ঘটনা নতুন নয়। এর আগেও একাধিক বার ঝুপড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। বারবার ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে বাসিন্দাদের। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগলে আশপাশের বাড়ি ও বহুতলেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে বিধায়ক পীযূষ কানোরিয়া বলেন, “এই ঝুপড়ি এলাকা খালি করার কথা অনেক আগে থেকেই বলা হচ্ছে। কিন্তু কেউ কথা শুনছে না। আজকে এমন একটা বিপদ ঘটে গেল।” তাঁর বক্তব্য ঘিরেও এলাকায় আলোচনা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকায় অধিকাংশ বাড়িই টিনের তৈরি। তাঁদের অভিযোগ, ঝুপড়িতে বসবাসকারী অনেকেই এলাকার স্থায়ী বাসিন্দা নন। প্রায় ১৫০ থেকে ২০০ জন সেখানে থাকেন বলেও দাবি করেছেন তাঁরা। তবে কী কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট, নাকি রান্নার গ্যাস থেকে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও জানা যায়নি।
Hindustan TV Bangla Bengali News Portal