দেবরীনা মণ্ডল সাহা :-সিকিমের রেল যোগাযোগের স্বপ্ন পূরণের পথে আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক। সেবক-রংপো নতুন রেললাইন প্রকল্পে সম্পন্ন হল দীর্ঘতম সুড়ঙ্গের খননকাজ। গত ২৭ নভেম্বর ৫.৩ কিলোমিটার দীর্ঘ ১০ নম্বর সুড়ঙ্গের খনন পর্ব শেষ করেছে ভারতীয় রেল। এর ফলে এই প্রকল্পের অন্তর্গত মোট ১৪টি সুড়ঙ্গের খননের কাজই সম্পূর্ণ হল। এবার বাকি নির্মাণকাজ শেষ করে সিকিমকে দেশের রেল মানচিত্রের সঙ্গে যুক্ত করার প্রস্তুতি আরও জোরদার হবে।
প্রকল্পের ১৪টি সুড়ঙ্গের মধ্যে দৈর্ঘ্যের নিরিখে সবচেয়ে বড় ১০ নম্বর সুড়ঙ্গ। ৫.৩ কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গ তৈরির কাজ অত্যন্ত কঠিন ভৌগোলিক পরিস্থিতির মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। সুড়ঙ্গটির দু’টি প্রান্ত থেকে খননের পাশাপাশি দুটি অ্যাক্সেস টানেলের মাধ্যমেও কাজ চালানো হয়েছিল। অবশেষে দুই দিকের খনন অংশ পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ায় সম্পূর্ণ হয়েছে সুড়ঙ্গ কাটার কাজ। তবে নির্মাণের এখনও কিছু গুরুত্বপূর্ণ পর্ব বাকি রয়েছে। সুড়ঙ্গের ভিতরে লাইনিং, রেললাইন বসানো এবং জরুরি নিরাপত্তা ব্যবস্থা তৈরির কাজ এবার এগিয়ে নিয়ে যাওয়া হবে।উল্লেখ্য, প্রায় ৪৫ কিলোমিটার দীর্ঘ সেবক-রংপো ব্রডগেজ রেললাইন প্রকল্পটি পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলা এবং সিকিমের পাকিয়ং জেলার মধ্যে দিয়ে বিস্তৃত। হিমালয়ের দুর্গম পাহাড়ি এলাকায় নির্মীয়মাণ এই রেলপথের প্রায় ৮৬ শতাংশ অংশই রয়েছে সুড়ঙ্গের ভিতরে। প্রকল্পে মোট ১৪টি সুড়ঙ্গের পাশাপাশি তৈরি করা হচ্ছে ২৩টি সেতুও। এই রুটে সেবক, রিয়াং, মেল্লি ও রংপো স্টেশন থাকবে। পাশাপাশি তিস্তা বাজারে তৈরি হচ্ছে একটি ভূগর্ভস্থ হল্ট স্টেশন।সেবক স্টেশনে এই নতুন রেলপথটি বর্তমান নিউ জলপাইগুড়ি-আলিপুরদুয়ার রেলপথের সঙ্গে যুক্ত হবে। ফলে রংপো হয়ে সিকিম সরাসরি দেশের বৃহত্তর রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ পাবে। এতদিন সিকিমে সরাসরি রেল যোগাযোগ না থাকায় মূলত সড়কপথের উপরেই নির্ভর করতে হত বাসিন্দা ও পর্যটকদের।
এই রেলপথ চালু হলে যাতায়াতের ক্ষেত্রে বিকল্প ও নির্ভরযোগ্য পরিবহণ ব্যবস্থা তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ১০ নম্বর জাতীয় সড়কের উপর নির্ভরতা কমানোর ক্ষেত্রে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। পাশাপাশি সিকিমে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহণ আরও সহজ হবে। স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং পর্যটন শিল্পের বিকাশেও নতুন সম্ভাবনা তৈরি হবে। সব মিলিয়ে ১০ নম্বর সুড়ঙ্গের খনন সম্পূর্ণ হওয়ায় সিকিমের প্রথম রেল যোগাযোগ স্থাপনের প্রকল্প আরও এক ধাপ এগিয়ে গেল।
Hindustan TV Bangla Bengali News Portal