Breaking News

আলোকরশ্মিতে অসুরবধের দৃশ্য, আকাশজুড়ে দুর্গার আবির্ভাব! মহালয়ায় ইডেনের মেগা লাইট শোয়ে মুগ্ধ কলকাতা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মহালয়ার সন্ধ্যায় আলো, সুর আর বর্ণময় আয়োজনে সেজে উঠল কলকাতার ইডেন গার্ডেন্স। চোখধাঁধানো লাইট অ্যান্ড সাউন্ড শো থেকে আকাশজুড়ে ড্রোনের কারসাজি, একের পর এক শিল্পীর পরিবেশনা—সব মিলিয়ে দুর্গোৎসবের আবহে মেতে উঠল তিলোত্তমা। হাজার হাজার ড্রোনের সাহায্যে আকাশে ফুটিয়ে তোলা হল দুর্গতিনাশিনী দেবী দুর্গার প্রতিচ্ছবি। সেই সঙ্গে দেখা গেল পদ্মের অবয়বও। মহালয়ার এই বিশেষ অনুষ্ঠান ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। এবারের দুর্গাপুজো ঘিরে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর প্রত্যাশা ছিল যথেষ্ট। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে এটাই প্রথম দুর্গাপুজো। সেই আবহে মহালয়ায় ইডেন গার্ডেন্সে এই মেগা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার বিকেলে নির্ধারিত সময়ে ঢাকের বাদ্যি, আদিবাসী নৃত্য এবং শিল্পী লগ্নজিতা চক্রবর্তীর গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শুরু থেকেই উৎসবের মেজাজে মেতে ওঠেন উপস্থিত দর্শকরা। অনুষ্ঠানে হাজির ছিলেন জুন মালিয়া, স্বপন দাশগুপ্ত, সুখেন্দুশেখর রায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। লাল শাড়িতে সেজে অনুষ্ঠানে যোগ দেন সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। অন্যদিকে, রেড রোড থেকে শোভাযাত্রা নিয়ে ইডেন গার্ডেন্সে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ। মঞ্চে উপস্থিত ছিলেন লেখিকা তসলিমা নাসরিনও।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল লাইট অ্যান্ড সাউন্ড শো। মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ শোনার ঐতিহ্য থেকে শুরু করে দশমীর সিঁদুরখেলা পর্যন্ত বাঙালির দুর্গোৎসবের নানা মুহূর্ত তুলে ধরা হয় এই পরিবেশনায়। আলো, শব্দ ও দৃশ্যের মেলবন্ধনে দুর্গাপুজোর আবেগকে নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়।
এরপর শুরু হয় বহু প্রতীক্ষিত ড্রোন শো। আকাশে একের পর এক আলোর বিন্যাসে ফুটে ওঠে দেবী দুর্গার অবয়ব। পাশাপাশি পদ্মের প্রতিচ্ছবিও নজর কাড়ে দর্শকদের। আধুনিক প্রযুক্তির সঙ্গে বাঙালির চিরাচরিত দুর্গোৎসবের মেলবন্ধন অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করে।
সাংস্কৃতিক অনুষ্ঠানেও ছিল তারকার সমাহার। সংগীত পরিবেশন করেন শান, লগ্নজিতা চক্রবর্তী, কৌশিকী চক্রবর্তী এবং অন্তরা মিত্র। পাশাপাশি শান্তনু মৈত্র ও তাঁর দলের পরিবেশনাও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। যন্ত্রসংগীতে অংশ নেন দেবর্ষি ভট্টাচার্য-সহ অন্যান্য শিল্পীরা। নাচ, গান ও বাদ্যযন্ত্রের সুরে উৎসবের আবহ আরও জমজমাট হয়ে ওঠে।এদিকে, ইডেন গার্ডেন্সের এই মেগা অনুষ্ঠানকে কেন্দ্র করে শহরের যান চলাচলেও বিশেষ বিধিনিষেধ জারি করা হয়। কলকাতা ট্র্যাফিক পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্ট্র্যান্ড রোড ও সেন্ট জর্জেস গেট রোডের নির্দিষ্ট অংশে পণ্যবাহী যান চলাচল বন্ধ রাখা হয়। রাজা উডমন্ট স্ট্রিট ও হেস্টিংস ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকায় এই বিধিনিষেধ কার্যকর ছিল শনিবার ভোর ৪টে থেকে বিকেল ৪টে পর্যন্ত।
সব মিলিয়ে, মহালয়ার দিন ইডেন গার্ডেন্সের এই বর্ণময় আয়োজন আলো, সংগীত, নৃত্য এবং প্রযুক্তির মেলবন্ধনে দুর্গোৎসবের সূচনাকে বিশেষ মাত্রা দিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *